নিজস্ব প্রতিনিধি: আসন্ন পুজোতে মুক্তি পেতে চলেছে দেব- শুভশ্রী অভিনীত ছবি দেশু ৭। রাত পোহালেই বৃহস্পতিবার মুক্তি পাবে ছবির ট্রেলার। কিন্তু ট্রেলার মুক্তি পাওয়ার আগেই নেগেটিভ রিভিউ করার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিনেতা দেব সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা জানিয়েছেন।
তিনি লিখেছেন, ট্রেলার লঞ্চের আগে পরিকল্পনা করে এই ছবির নেতিবাচক রিভিউ করার জন্য কিছু ইউটিউবার ও রিভিউয়ারের কাছে প্রস্তাব গিয়েছে। ছবি খারাপ বা ভালো লাগতেই পারে। গঠনমূলক সমালোচনা হতেই পারে। কিন্তু অর্থের বিনিময়ে নেতিবাচক রিভিউ করা সমালোচনা নয়। দর্শকদের ওপর তিনি ভরসা করেন বলেও জানিয়েছেন অভিনেতা। এক যুগ পর দেব শুভশ্রীকে পর্দায় একসঙ্গে দেখতে চলেছেন সিনেপ্রেমীরা।
সোশ্যাল মিডিয়ায় দেব একটি ইমেলের ছবি পোস্ট করেছেন সেখানে স্পষ্ট লেখা, দেবের ছবির ট্রেলারের নেগেটিভ রিভিউ করলে ২০ হাজার টাকা মিলবে। প্রতিটি রিভিউ-এর জন্য এই অর্থ ধার্য করা হয়েছে। বেশি মানুষের কাছে রিভিউ পৌঁছে দিতে পারলে টাকাও বাড়বে। রিভিউটি হবে পুরো স্ক্রিপ্টেড।
ছবিতে দেব এবং শুভশ্রী গাঙ্গুলি ছাড়াও রয়েছেন কাঞ্চন মল্লিক, অনির্বাণ ভট্টাচার্য, সৈরিতি ব্যানার্জি, অপরাজিতা আঢ্য, প্রমুখ। পুজোর সময় দেশু ৭ র সঙ্গে বক্স অফিস কাঁপাবে উইন্ডোজ প্রোডাকশন হাউজের ‘বহুরূপী ২’ ওরফে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’, সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ এবং এসভিএফের ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’।




