ওয়েব ডেস্ক : বাঙালির উৎসবের মাঝেই আবহাওয়া সকলের মনে চিন্তা ধরাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, ভাইফোঁটার দিন শহরের আকাশ মেঘলা থাকবে। আরও জানা গিয়েছে, ভাইফোঁটার দিনে কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করার ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশ ঊর্ধ্বমুখী। এর ফলে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণত কালীপুজো বা ভাইফোঁটার পর থেকেই বাংলায় হালকা শীতের আমেজ বা শিরশিরানি টের পাওয়া যায়। কিন্তু বর্তমানে শহরে বৃষ্টির আগমন ঘটতে চলেছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভাইফোঁটার বৃষ্টি কেটে যাওয়ার পর অর্থাৎ সপ্তাহের শেষের দিক থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে কমতে শুরু করবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুধু কলকাতা নয়, তবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদের মতো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভাইফোঁটার দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির মতো পাহাড়ি ও উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।




