Homeদেশ২০১০ সালেই প্রধানমন্ত্রীর কুর্সিতে নজর!

২০১০ সালেই প্রধানমন্ত্রীর কুর্সিতে নজর!

প্রণবের ইঙ্গিত ফাঁস সোনিয়ার স্মৃতিকথায়।

ওয়েব ডেস্কঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে চর্চা ছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। নিজের সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এ ২০১০ সালের একটি ব্যক্তিগত কথোপকথনের উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছার ইঙ্গিত দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। এমনকি তাঁর একটি মন্তব্যে রীতিমতো চমকে গিয়েছিলেন সোনিয়া।

স্মৃতিকথায় সোনিয়া লিখেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তাঁর মধ্যে দায়িত্বের অলিখিত বিভাজন ছিল। মনমোহন সামলাতেন সরকার, আর দলের দায়িত্ব ছিল তাঁর হাতে। সরকার ও দলের মধ্যে সমন্বয়ের জন্য নিয়মিত বৈঠকও হত। সেই বৈঠকে উপস্থিত থাকতেন প্রণব মুখোপাধ্যায়, অর্জুন সিং, এ কে অ্যান্টনি এবং আহমেদ প্যাটেল।

সোনিয়ার দাবি, তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে প্রণবের গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল। ২০১০ সালে একদিন সেই অসন্তোষ প্রকাশ করতে গিয়ে প্রণব তাঁকে বলেছিলেন, সম্ভবত এবার শীর্ষস্তরে পরিবর্তনের সময় এসেছে। সোনিয়ার ব্যাখ্যা, এই মন্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষাই প্রকাশ করেছিলেন প্রণব। পরিস্থিতি সামাল দিতে তিনি অবশ্য কথার মোড় ঘুরিয়ে দেন।

পরে ২০১২ সালে কংগ্রেসের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হন প্রণব। নির্বাচিতও হন দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে। স্মৃতিকথায় প্রণবের রাজনৈতিক প্রজ্ঞা ও পাণ্ডিত্যের প্রশংসাও করেছেন সোনিয়া।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments