ওয়েব ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সরব হলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার মমতার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন এবং একাধিক তথ্য লোপাটের অভিযোগ তুললেন তিনি। শুধু অভিযোগ তোলাই নয়, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্বাচনী হলফনামায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেননি। এমনকি তাঁর অভিযোগ, নির্বাচনী হলফনামায় অনেক তথ্য লোপাট করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীদের যে সমস্ত তথ্য বাধ্যতামূলকভাবে জানাতে হয়, সেগুলির কয়েকটি ক্ষেত্রেও অনিয়ম হয়েছে বলে দাবি করেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, স্ক্রুটিনির সময় একাধিক প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি ধরা পড়লেও রিটার্নিং অফিসাররা সেগুলি খারিজ করেননি। নির্বাচনী বিধি অনুযায়ী, এই ধরনের ত্রুটি থাকলে মনোনয়ন বাতিল হওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকেরা কেন প্রয়োজনীয় পদক্ষেপ করেননি, সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু।
বুদ্ধবাবুর প্রশংসার সঙ্গে নিশানা মমতাকে, নন্দীগ্রামে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর
এই ঘটনায় মামলা করার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তাঁর বক্তব্য, নির্বাচনী মনোনয়ন বাতিল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। নির্বাচনী বিধি মেনে সংশ্লিষ্ট পদক্ষেপ করা হয়েছিল কি না, সেটিও তদন্তের দাবি রাখে। তবে শুভেন্দুর তোলা অভিযোগের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। অভিযোগের সত্যতা যাচাই হওয়া বাকি।




