দুর্গাপুর: হাতে সংবিধানের কপি , মুখে স্লোগান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দুর্গাপুরের রাজপথে প্রতিবাদে নামল কংগ্রেস। বৃহস্পতিবার সিটি সেন্টার চত্বরে হাতে সংবিধান নিয়ে প্রতিবাদ মিছিল করেন কংগ্রেসের নেতা-কর্মী ও সমর্থকেরা।
কংগ্রেসের অভিযোগ, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। দিল্লিতে সংবিধান রক্ষার দাবিতে বিরোধী দলগুলির আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং আন্দোলনকারীদের গ্রেফতারের অভিযোগও তোলা হয় এদিনের কর্মসূচি থেকে। কংগ্রেস নেতৃত্বের দাবি, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করার অধিকার থাকা সত্ত্বেও বিরোধীদের কণ্ঠস্বর দমনের চেষ্টা করা হচ্ছে।
এদিনের মিছিল থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের অভিযোগ, ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার কারণে বহু মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই ঘটনার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলেই দাবি কংগ্রেসের।




