HomeBig Breakingদলবদলের রাজনীতিতে নতুন চাল, তৃণমূলের পরিচ্ছন্ন মুখদের জন্য দরজা খুলছে বিজেপি

দলবদলের রাজনীতিতে নতুন চাল, তৃণমূলের পরিচ্ছন্ন মুখদের জন্য দরজা খুলছে বিজেপি

তৃণমূলের নিচুতলার এমন কর্মীদের চিহ্নিত করতে চাইছে বিজেপি, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি কিংবা মানুষের উপর অত্যাচারের অভিযোগ নেই

ওয়েব ডেস্ক : বিরোধী দলের কর্মী মানেই রাজনৈতিক শত্রু, এই ধারণা থেকে বেরিয়ে এসে সংগঠন বিস্তারের নতুন সমীকরণ তৈরি করতে চাইছে বিজেপি। তবে তৃণমূল থেকে আসতে চাইলেই গেরুয়া শিবিরে ঠাঁই মিলবে না। ব্যক্তিগত পরিচিতি কিংবা রাজনৈতিক প্রভাব নয়, এবার গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা এবং দলের আদর্শের প্রতি নিষ্ঠা। বিশেষ করে তৃণমূলের নিচুতলার এমন কর্মীদের চিহ্নিত করতে চাইছে বিজেপি, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি কিংবা মানুষের উপর অত্যাচারের অভিযোগ নেই।

শুক্রবার কলকাতায় দলের রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠকে এই নীতির ইঙ্গিত দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। তাঁর প্রস্তাব, তৃণমূল বা সিপিএমের কোনও গ্রহণযোগ্য কর্মী বিজেপিতে আসতে চাইলে তাঁকে সরাসরি মূল সংগঠনে না নিয়ে জেলা, মণ্ডল কিংবা বুথস্তরের বিভিন্ন মোর্চায় যুক্ত করা হোক। সেখানে এক বছর কাজের সুযোগ দিয়ে তাঁর রাজনৈতিক আচরণ, সাংগঠনিক ভূমিকা এবং আদর্শগত অবস্থান যাচাই করা হবে।

এই সিদ্ধান্তের পিছনে রয়েছে বিজেপির সাংগঠনিক প্রয়োজন। বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের পরও রাজ্যের বহু বুথে সংগঠনকে আরও মজবুত করার চ্যালেঞ্জ রয়েছে। অন্য দিকে, নতুন করে বিজেপিতে যোগ দেওয়া কিছু কর্মীর বিরুদ্ধে বিশৃঙ্খলা তৈরির অভিযোগও উঠেছে। ফলে পুরনো কর্মীদের উপেক্ষা করে নির্বিচারে দলবদলকারীদের জায়গা দেওয়ার পথে হাঁটতে চাইছে না নেতৃত্ব।

একই বৈঠকে শৃঙ্খলার প্রশ্নেও কঠোর বার্তা দিয়েছেন বনশল ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলের নির্দেশ অমান্য করলে নেতা, মন্ত্রী বা বিধায়ক—কেউই ছাড় পাবেন না। অর্থাৎ বিজেপির সামনে এখন দ্বিমুখী লক্ষ্য—সংগঠনের পরিধি বাড়ানো, কিন্তু সেই সম্প্রসারণের নামে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিজস্ব রাজনৈতিক চরিত্র বিসর্জন না দেওয়া।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments