ওয়েব ডেস্ক: পূর্বাভাস ছিলই। সেই মতো ক্রমশক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব-এ। পূর্ব মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়।
জানা গিয়েছে, ক্রমশ পশ্চিম উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাতের মধ্যে আরো শক্তি বাড়াবে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবারের মধ্যে এটি প্রবল শক্তি সঞ্চয় করে বুধবার অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনামের মধ্যবর্তী অংশে আছড়ে পরতে পারে। ল্যান্ড পালের সময় অর্ণবের গতিবেগ থাকতে পারে ১১৫ থেকে ১২৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা।
এই ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি না হলেও কিছুটা পড়বে। মঙ্গলবার থেকে আবহাওয়ার বদল হতে শুরু করবে। ঘূর্ণিঝড়ের জেরে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা বৃষ্টিপাত হবে। দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হতে পারে। বাদ যাবে না উত্তরবঙ্গ। সেখানেও চলবে বৃষ্টিপাত।
ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় থাকা মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যাঁরা গিয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।




