কলকাতা: আলোর উৎসবে এবার নতুন নজির গড়ার প্রস্তুতি নিউটাউনে। কালীপুজো ও দীপাবলি উপলক্ষে একসঙ্গে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ জ্বালানোর উদ্যোগ নিয়েছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটি। উদ্যোক্তাদের দাবি, পশ্চিমবঙ্গে এত বিপুল সংখ্যক প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদ্যাপনের আয়োজন আগে দেখা যায়নি। নিউটাউন মেলা প্রাঙ্গণে ৮ ও ৯ নভেম্বর দু’দিন ধরে চলবে এই বিশেষ উৎসব।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এটাই প্রথম কালীপুজো। সেই আবহে নিউটাউনের এই আয়োজন ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, ৮ নভেম্বর ঘটা করে কালীপুজোর আয়োজন করা হবে। পরদিন, ৯ নভেম্বর থাকছে আতসবাজির প্রদর্শনী। পরিবেশের কথা মাথায় রেখে সেখানে পরিবেশবান্ধব বাজি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তা বরুণ বিশ্বাস।
আরও পড়ুন:
বাসে উঠলেই গুনতে হবে বাড়তি টাকা! পরিবহন মন্ত্রীর কাছে প্রস্তাব মালিক সংগঠনের
এই আয়োজনের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামও জড়িয়েছে। উদ্যোক্তাদের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই নিউটাউন মেলা প্রাঙ্গণে এই দীপাবলি উৎসবের পরিকল্পনা করা হয়েছে। সেই কারণে তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তিকেও আমন্ত্রণ জানানো হবে।
উল্লেখযোগ্য, নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটির সঙ্গে শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে এই কমিটির দুর্গাপুজোর অনুমতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। উদ্যোক্তাদের অভিযোগ, পুজোর নামের সঙ্গে ‘সনাতনী’ শব্দটি থাকায় প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়েছিল তাঁদের। শেষ পর্যন্ত অনুমতির জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে হয়। রাজনৈতিক পালাবদলের পর এবার দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোতেও বড় আয়োজনের পথে হাঁটছে এই কমিটি।
সব মিলিয়ে ৮ ও ৯ নভেম্বর নিউটাউনের মেলা প্রাঙ্গণকে আলোর উৎসবের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র করে তোলাই উদ্যোক্তাদের লক্ষ্য।




