ওয়েব ডেস্ক: মালদহ এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারদের নথিপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে পুলিশ। জেলা পুলিশের নির্দেশিকা অনুযায়ী পুলিশ আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটার এবং ট্রাইব্যুনালে আবেদনকারীদের তথ্য খতিয়ে দেখছেন। আপাতত জেলার দুই জায়গায়, কালিয়াচক ও ইংরেজবাজারে এই কর্মসূচি শুরু হয়েছে। জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটারদের তথ্যই যাচাই করা হবে।
ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাট্টারি এলাকায় এদিন কর্মসূচি চলে। ইংরেজবাজার থানার মিল্কি পুলিশ ফাঁড়ির আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন। কারও পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায়, আবার কারও নাম বা নথিতে অসঙ্গতি থাকায় তালিকা থেকে নাম বাদ পড়েছে। সেই তথ্যের সত্যতা যাচাই করাই এই উদ্যোগের লক্ষ্য। জন্ম শংসাপত্র-সহ বিভিন্ন নথি নেওয়া হচ্ছে। জন্মতারিখের সঙ্গে শংসাপত্র ইস্যুর তারিখ মিলিয়ে দেখা হচ্ছে। নাম ও অন্যান্য তথ্যও পরীক্ষা করছেন আধিকারিকরা।
আরও পড়ুন:
স্কুলে পড়ুয়াদেরও বায়োমেট্রিক হাজিরা, কবে থেকে চালু নতুন ব্যবস্থা?
কালিয়াচক থানার অন্তর্গত নওয়াদা-যদুপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথেও একইভাবে যাচাই শুরু হয়েছে। বাদ পড়া ভোটারদের নিজ নিজ বুথে নথি জমা দিতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে এসআই বিশ্বজিৎ রাও-সহ অন্য পুলিশকর্মীরা সরেজমিনে হাজির থেকে সেই নথি খতিয়ে দেখছেন।
গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ ফাসিউজ্জামান জানান, কালিয়াচক থানার অধীন প্রতিটি গ্রাম পঞ্চায়েতের বুথে পর্যায়ক্রমে এই কাজ চলবে। নাম বাদ পড়ায় বহু বাসিন্দা সরকারি পরিষেবা পেতে সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে পুলিশের উদ্যোগে নথি যাচাই শুরু হওয়ায় এলাকায় নতুন করে চর্চা শুরু হয়েছে।




