HomeTop Newsউত্তরপ্রদেশে যোগীই কি বিজেপির মুখ? কেশবের মন্তব্যে নেতৃত্ব বদলের জল্পনা তুঙ্গে

উত্তরপ্রদেশে যোগীই কি বিজেপির মুখ? কেশবের মন্তব্যে নেতৃত্ব বদলের জল্পনা তুঙ্গে

উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন? যোগী আদিত্যনাথ, নাকি অন্য কেউ?

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন? যোগী আদিত্যনাথ, নাকি অন্য কেউ? এই প্রশ্নেই নতুন করে রাজনৈতিক জল্পনা উস্কে দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তাঁর স্পষ্ট বক্তব্য, ভোটের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবে না বিজেপি। নির্বাচনের পরে জয়ী বিধায়কেরাই ঠিক করবেন, কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। কেশবের এই মন্তব্যের পরেই পাল্টা ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন যোগী আদিত্যনাথ।

সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে প্রশ্নের উত্তরে কেশব বলেন, বিজেপির নির্বাচনী মুখ কোনও ব্যক্তি নন, পদ্মফুল। নির্বাচনের পরে জয়ী বিধায়কদের বৈঠক হবে। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বিধানসভার নেতা নির্বাচন করা হবে। বর্তমানে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে তিনিই থাকবেন, নাকি অন্য কেউ দায়িত্ব নেবেন, তা এখনই বলা সম্ভব নয়।

তবে যোগীকে তিনি সমর্থন করেন কি না, সেই প্রশ্নে ইতিবাচক জবাব দিয়েছেন কেশব। এমনকি নিজের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলেও তিনি বলেন, বিজেপিতে কোনও ব্যক্তি একা এই সিদ্ধান্ত নেন না। সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেসের সঙ্গে বিজেপির সাংগঠনিক পদ্ধতির পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্য দিকে, একই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে প্রশ্নের জবাবে যোগী বলেন, সবাই পদ্ম প্রতীকে নির্বাচনে লড়বেন। তিনিও তার ব্যতিক্রম নন। তার পরেই যোগীর তাৎপর্যপূর্ণ সংযোজন, কে কী হবেন, তা সকলেরই জানা।

ফলে ভোটের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই দুই বক্তব্য ঘিরে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রকাশ্যে মতবিরোধ অস্বীকার করলেও মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দলের অন্দরে কোনও সমীকরণ তৈরি হচ্ছে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments