HomeBig Breakingঔপনিবেশিক পোশাকের অবসান, বাংলার বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে ফিরছে দেশীয় ঐতিহ্য

ঔপনিবেশিক পোশাকের অবসান, বাংলার বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে ফিরছে দেশীয় ঐতিহ্য

ভারতীয় ঐতিহ্য এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে এবার বদল আসতে চলেছে পোশাকে। ব্রিটিশ আমলের প্রভাব বহনকারী কালো গাউন ও হুডের পরিবর্তে ভারতীয় ঐতিহ্য এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সমাবর্তনে খদ্দর, তাঁত এবং হ্যান্ডলুমের তৈরি পোশাক ব্যবহারে বিশ্ববিদ্যালয়গুলিকে উৎসাহিত করেছে উচ্চশিক্ষা দফতর। এই মর্মে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।

গত ২৩ নভেম্বর জারি হওয়া বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলিকে প্রচলিত সমাবর্তনের পোশাক পুনর্বিবেচনা করে ভারতীয় সংস্কৃতির পরিচায়ক নতুন পোশাকের নকশা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে উত্তরীয় ব্যবহারের কথাও বলা হয়েছে। তবে পোশাকের নির্দিষ্ট কোনও নকশা বেঁধে দেয়নি সরকার। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রিপ্রাপকদের জন্য পৃথক পোশাক তৈরির স্বাধীনতা থাকবে বিশ্ববিদ্যালয়গুলির।

উচ্চশিক্ষা দফতরের বক্তব্য, ভারতীয় আবহাওয়ার সঙ্গে দেশীয় হ্যান্ডলুমের পোশাক বেশি মানানসই। পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে বাংলার তাঁতশিল্প, গ্রামীণ বয়নশিল্পী এবং তাঁদের জীবিকাকে উৎসাহিত করা সম্ভব হবে। নির্দেশিকায় ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা পরামর্শের কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:

মডেল রাজ্যের প্রচারের আড়ালে অপুষ্টির ছবি, মোদির গুজরাতকে নিশানা কংগ্রেসের

ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তনের পোশাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে পুরুষদের জন্য ধুতি-পাঞ্জাবি অথবা পায়জামা-পাঞ্জাবি এবং মহিলাদের জন্য লাল পাড় সাদা শাড়ি নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি ২০২৭ থেকে এই পোশাকবিধি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া উত্তরীয় ও পোশাকের ঐতিহ্য নিয়ে আলোচনা চলছে। ফলে দেশীয় পোশাক চালুর উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলির নিজস্ব ঐতিহ্য ও স্বাধিকার নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments