ওয়েব ডেস্ক : বাংলা চলচ্চিত্রের স্বার্থরক্ষায় আরও কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের প্রতিটি সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে প্রতিদিন অন্তত একটি বাংলা ছবি প্রদর্শন বাধ্যতামূলক। এ বার সেই নির্দেশ কার্যকর করার প্রশ্নে হল মালিকদের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা ছবিকে বাণিজ্যিক প্রতিযোগিতার চাপে সরিয়ে রেখে অন্য ভাষার ছবিকে জায়গা দেওয়া চলবে না বলে সরকারের অবস্থান স্পষ্ট।
নির্দেশ অনুযায়ী, দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইমের মধ্যে অন্তত একটি বাংলা ছবির শো রাখতে হবে। বছরের ৩৬৫ দিনই এই নিয়ম মানতে হবে। সিঙ্গল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সের প্রতিটি পর্দার ক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য। অন্য ভাষার ছবি প্রদর্শনে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে বাংলা ছবির জন্য নির্দিষ্ট সময়ের প্রদর্শন নিশ্চিত করতে হবে।
সম্প্রতি ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির প্রদর্শন বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে চলচ্চিত্র জগতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই বাংলা ছবির প্রদর্শন নিয়ে কড়া অবস্থান জানান তিনি। প্রযোজক চাইলে তাঁর ছবিকে প্রাইম টাইমে জায়গা দিতে হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
পাশাপাশি আগামী দেড় বছরে রাজ্যে ৫১টি নতুন সিনেমা হল তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। ৭০টিরও বেশি বিনোদনকেন্দ্রকে প্রেক্ষাগৃহে রূপান্তরের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলা চলচ্চিত্রের সামগ্রিক উন্নয়নে বিশেষ কমিটি গঠনের উদ্যোগও রয়েছে।
সরকারের এই পদক্ষেপে বাংলা ছবির বাজার কতটা প্রসারিত হয়, এখন সেটাই দেখার।




