ওয়েব ডেস্ক: শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শিয়ালদহ উড়ালপুলের নিরাপত্তা নিশ্চিত করতে এবার বড়সড় সংস্কারের পথে হাঁটছে কলকাতা পুরসভা। আর সেই সংস্কারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে শিয়ালদহ উড়ালপুলের নীচে থাকা শিশির মার্কেট সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, প্রথম পর্যায়ে বাজারের দোকানগুলি অস্থায়ী ভাবে এন্টালির একটি মাঠে স্থানান্তরিত করা হবে। পরবর্তী সময়ে পার্ক সার্কাসের পদ্মপুকুর এলাকায় তৈরি হবে শিশির মার্কেটের স্থায়ী নতুন ঠিকানা।
এই সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই চূড়ান্ত অনুমোদনের জন্য পুর- কমিশনারের দপ্তরে পাঠানো হয়েছে। কমিশনারের সবুজ সঙ্কেত মিললেই পুরসভার খরচে এন্টালিতে অস্থায়ী বাজার তৈরির কাজ শুরু হবে।
দীর্ঘদিন ধরেই শিয়ালদহ উড়ালপুলের বেহাল দশা প্রশাসনের উদ্বেগের কারণ। প্রায় দেড় বছর আগে কেএমডিএ, কলকাতা পুরসভা এবং পুলিশের যৌথ পরিদর্শনে সেতুটির কাঠামোগত দুর্বলতা সামনে আসে। বিশেষজ্ঞ সংস্থার ইঞ্জিনিয়ারদের সুপারিশ, উড়ালপুলের স্তম্ভগুলি মাটির নীচ থেকে উপর পর্যন্ত কার্বন ফাইবার অথবা স্টিল প্লেট দিয়ে মুড়ে শক্তিশালী করতে হবে। পাশাপাশি সেতুর নীচের অংশে পলিমার ফাইবারের আস্তরণ দেওয়ার প্রস্তাব রয়েছে।
প্রবাসী ভারতীয় দিবসে কলকাতায় মোদি, সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি
১৯৭৮ সালে তৈরি এই উড়ালপুলে একসময় ট্রাম চলাচল করত। প্রস্তাবিত পাঁচ দফার সংস্কার সম্পূর্ণ হলে আরও ৪০-৪৫ বছর সেতুটি সচল ও নিরাপদ রাখা সম্ভব বলে দাবি কেএমডিএ-র। ধাপে ধাপে চলবে কাজ। রাতের দিকে সংস্কারের সময় বন্ধ রাখা হবে উড়ালপুল।
তবে বাজার সরানোর সিদ্ধান্তে ব্যবসায়ীদের পুনর্বাসনও গুরুত্বপূর্ণ। হকার সংগ্রাম কমিটির দাবি, সংস্কার জরুরি, কিন্তু প্রতিটি দোকানদারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।




