ওয়েব ডেস্ক: ২ দিনের ভারত সফরে এলে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে প্রথা মেনে দেওয়া হয়েছে গার্ড অব অনার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে দুই দেশের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিনের বৈঠক শেষে মোদি বলেন, নেপাল ও ভারত শুধুমাত্র প্রতিবেশী নয়। দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়।
তিনি আরও বলেন, কঠিন সময়ে একে অপরের পাশে থাকে। আনন্নদের সময় যেভাবে ভাগ করে নেওয়া হয়, ঠিক সেইভাবে চ্যালেঞ্জ এলে একসঙ্গে সেটি ভাগ করে নেওয়া হয়। নেপালের বন্যা পরবর্তী পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি টাকার একটি উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রসঙ্গে মোদি বলেন, ভারতের লক্ষ্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রা স্বাভাবিক ছন্দে ফেরানো, নতুন সুযোগ তৈরি করা এবং ভবিষ্যতে বিপর্যয় মোকাবিলায় নেপালের ক্ষমতা বৃদ্ধি করা। নেপালের ক্রিকেটেও যাতে বিকাশ হয়, তারজন্য সাহায্য করবে ভারত। খেলোয়াড় প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে সবকিছুই করবে।
নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ শাহ জানিয়েছেন, ভারত ও নেপাল উভয়পক্ষের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে উভয় দেশ গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও বসেছিলেন নেপালের প্রধানমন্ত্রী। যোগাযোগব্যবস্থা, বাণিজ্য, শক্তি উৎপাদন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।




