HomeScrollদু’সপ্তাহে তিন এনকাউন্টার, রায়গঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু ধর্ষণ-খুনে অভিযুক্তের

দু’সপ্তাহে তিন এনকাউন্টার, রায়গঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু ধর্ষণ-খুনে অভিযুক্তের

রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হল পুলিশের গুলিতে। সোমবার ভোররাতে বিহার সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তাঁর

ওয়েব ডেস্ক : রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হল পুলিশের গুলিতে। সোমবার ভোররাতে বিহার সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশের দাবি, আত্মরক্ষায় চালানো গুলিতেই মৃত্যু হয়েছে অভিযুক্তের। গত দু’সপ্তাহের মধ্যে রাজ্যে এটি তৃতীয় এনকাউন্টারের ঘটনা। এর আগে বারুইপুর ও গাইঘাটাতেও পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

গত ৫ নভেম্বর রায়গঞ্জের কুলিক ফরেস্ট থেকে উদ্ধার হয় এক নাবালিকার পচাগলা দেহ। তার আগে তিন দিন ধরে নিখোঁজ ছিল সে। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে দিলীপ রায়ের বিরুদ্ধে। দেহ উদ্ধারের পর থেকেই অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। তদন্তকারীদের অনুমান ছিল, গ্রেফতারি এড়াতে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন তিনি।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোররাতে গৌরী গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় দিলীপের আত্মগোপন করে থাকার খবর আসে। সেই সূত্র ধরেই বিহার সীমান্তের কাছে অভিযান চালায় রায়গঞ্জ থানার একটি দল। ভোর সাড়ে ৩টে নাগাদ পুলিশকর্মীরা সেখানে পৌঁছলে তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে দিলীপের বিরুদ্ধে। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই গুলিবিদ্ধ হন অভিযুক্ত।

এর পর তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী পরিস্থিতিতে গুলির লড়াই শুরু হয়েছিল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। পুলিশের অভিযানের পাশাপাশি গোটা ঘটনার তদন্তও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments