ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের নতুন সমীকরণের জল্পনা। প্রয়াত অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপির দুই শিবিরকে এক ছাতার তলায় আনার উদ্যোগ ঘিরে তৎপরতা শুরু করেছে বিজেপি। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন অজিতপন্থী এনসিপির একঝাঁক প্রভাবশালী নেতা। তাৎপর্যপূর্ণ ভাবে, সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অজিতের স্ত্রী তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ার এবং তাঁর পুত্র পার্থ পওয়ার।
সূত্রের খবর, প্রফুল পটেল, সুনীল তটকরে, ছগন ভুজবল, ধনঞ্জয় মুন্ডে, হাসান মুশরিফ এবং দিলীপ ওয়ালসে পাটিলরা শাহের সঙ্গে দেখা করেন। সুনেত্রা ও পার্থকে বাদ দিয়েই শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র সঙ্গে সংযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। দুই গোষ্ঠীকে একত্র করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র শক্তি বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।
আরও খবর:
দিল্লির তিন সেনাপতির কাঁধে UP-র রাজনৈতিক দুর্গ রক্ষার গুরুদায়িত্ব
অজিতের মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন সুনেত্রা। কিন্তু দলের প্রথম সারির নেতাদের একাংশের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়েছে বলে দীর্ঘদিন ধরেই জল্পনা। পার্থর ক্রমবর্ধমান প্রভাব নিয়েও দলের প্রবীণ নেতাদের একাংশের আপত্তি রয়েছে বলে খবর।
এদিকে, শরদ পওয়ার গোষ্ঠীর তরফে এখনও সংযুক্তি বা এনডিএতে যোগ দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। অজিতপন্থী এনসিপির মুখপাত্র উমেশ পাতিল অবশ্য দলের মধ্যে বিভাজনের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, শাহের সঙ্গে বৈঠক পূর্বনির্ধারিত ছিল এবং দলের ঐক্য অটুট রয়েছে।
ফলে সংযুক্তির সম্ভাবনার পাশাপাশি এনসিপির অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইও এখন মহারাষ্ট্রের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে।




