ওয়েব ডেস্ক : আগামী রবিবার দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ রয়েছে ইন্ডিয়া জোটের। ইন্ডিয়ার এই সমাবেশকে সমর্থন জানিয়েছে সিজেপি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট ইন্ডিয়া ও সিজেপি। একই দাবিতে আন্দোলন শুরু করেছে দুই দল। বুধবার প্রতিবাদ কর্মসূচিতে বিরোধীদের সমর্থনের ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
যন্তর মন্তরে আন্দোলনে পর দুই ককরোচ নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার গ্রেফতারির পর প্রকাশ্যে সিজেপির পাশে দাঁড়ান রাহুল। কিন্তু আগামী রবিবার রামলীলা ময়দানের সমাবেশে বিরোধী জোটের নেতা-নেত্রীদের সঙ্গে ককরোচ নেতৃত্বও থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সরকার বিরোধী দলগুলি একজোট হয়েছে।
ইন্ডিয়াকে সমর্থন জানিয়ে সিজেপি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘আমাদের সংবিধান প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দিয়েছে। কোনও যোগ্য নাগরিক যেন এই অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যে সব সংগঠন লড়াই করছে, সিজেপি তাদের প্রত্যেককে সমর্থন জানাবে’।




