ওয়েব ডেস্ক: সুরাপ্রেমীদের জন্য সুখবর, পছন্দের ব্রান্ডের জন্য আর নানা দোকানে ছুটতে হবে না। উৎসব থেকে সাধারণ দিনগুলিতে মদের দোকানে লাইন দিয়ে মদ কিনতে হয়। দীর্ঘ লাইনে দাঁড়ানো, নেশা করার জন্য লাইনে দাঁড়ালে অনেকেই ভালো চোখে দেখেন না। যদি মদ কিনতে লাইন দিতে না হত, তবে কত ভালো হত। মনের কথা যে এভাবে ফলে যাবে তা ভাবতেই পারেননি সুরাপ্রেমীকরা।
মদের দোকানে কেনাকাটা থেকে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে অভিনব উদ্যোগ দিল্লি সরকারের। বাড়িতে বসেই পছন্দের ব্র্যান্ড বেছে নিয়ে অনলাইনে টাকা পেমেন্ট করার মতো সুবিধা নিয়ে একটি মোবাইল অ্যাপ চালু হল রাজধানীতে। অনলাইনে পেমেন্ট করার পর ৪৮ ঘণ্টার মধ্যে দোকানে গিয়ে নিজের সময় মত পছন্দের ব্রান্ড নিয়ে আসতে হবে। এর ফলে পাওয়া যাবে পছন্দের ব্রান্ড এবং দাঁড়াতে হবে না লাইনে।
দিল্লি স্টেট ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন চালু করেছে ‘দিল্লি লিকার বুকিং’ অ্যাপ। সূত্রের খবর, আপাতত ২০৮ টি মদের দোকানে এই পরিষেবা চালু হয়েছে।দোকানের বাইরে ভিড় কমানো, পেমেন্ট কাউন্টারের চাপ কমানো এবং দাম সহ বিলিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই এই অ্যাপ আনা হয়েছে বলে জানিয়েছে দিল্লি সরকার।অ্যাপের মাধ্যমে ক্রেতারা সহজেই জানতে পারবেন কোন দোকানে পছন্দের ব্রান্ড পাওয়া যাবে।ড্রাই ডে-তেও আর সমস্যায় পড়তে হবে না। দিল্লির আবগারী বিধি অনুযায়ী, এই অ্যাপ ব্যবহার করে মদ কেনার জন্য ক্রেতার বয়স ২৫ বছর হতে হবে।




