ওয়েব ডেস্ক: ১২ বছর আগে বক্সার মেরি কমের বর্ণময় জীবন, সংগ্রামকে বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। বক্স অফিসে তুমুল সাফল্য পাওয়া ওই ছবির জন্য জাতীয় পুরষ্কারে সম্মানিত হয়েছিলেন অভিনেত্রী। ২০১৪ সালে মুক্তি পাওয়া ওই বায়োপিকের এক চমকপ্রদ সত্যি সামনে আনলেন খোদ কিংবদন্তি বক্সার মেরি কম।
সম্প্রতি জনপ্রিয় শো বিগ বস ২০-এর ঘর থেকে বেড়িয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানান, তাঁর বায়োপিকে জীবনের আসল লড়াইয়ে ১০ শতাংশও তুলে ধরা হয়নি। প্রশ্ন উঠেছে ছবিতে যা দেখানো হয়েছে তাহলে কি তা সত্যি নয়। মেরি কমের স্পষ্ট দাবি, রূপালি পর্দায় যা দেখানো হয়েছে তা একেবারেই বাস্তব সম্মত নয়। বক্সারের এই মন্তব্যের পরেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি এতদিন ধরে তাঁরা ভুল গল্প দেখে এসেছেন। তাহলে ৯০ শতাংশ গল্প কোথায় লুকিয়ে রাখা হয়েছে।
বায়োপিকের কোনও সিক্যুয়েল বা দ্বিতীয় পর্ব আসবে কিনা তা নিয়েও মুখ খুলেছেন মেরি। তিনি সাফ জানিয়েছেন, ছবির কোনও সিক্যুয়েলের প্রয়োজন নেই। তার কারণ নিজের জীবনের সম্পূর্ণ কাহিনী ইতিমধ্যেই তিনি তাঁর আত্মজীবনী আনব্রেকেবল-এ বিস্তারিত ভাবে তুলে ধরেছেন। বক্সিংয়ে ৬বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য তাঁর সংগ্রাম, লড়াই ও জীবনের চরম আত্মত্যাগের গল্প জানতে হলে দর্শকদের আত্মজীবনী পড়ার পরামর্শ দিয়েছেন তিনি।




