ওয়েব ডেস্ক: কেউ আটক হলে, ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে হাজির করাতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গ্রেপ্তারির পরে যেভাবে ধৃতকে আদালতে পেশ করা হয়, ঠিক সেইভাবে আটক ব্যক্তিকেও পেশ করতে হবে। আটকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর ছিল না। এ নিয়ে এবার কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যদি আটক ব্যক্তিকে আদালতে ২৪ ঘণ্টার মধ্যে পেশ করা না যায়, তাহলে মু্ক্তি দিতে হবে তাঁকে।
পুলিশের বিরুদ্ধে বেআইনি ভাবে আটকের অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে। সেই কারণে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অন্যতম বলে মনে করা হচ্ছে। শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, সংবিধানের ২২(২) অনুচ্ছেদ মেনে ‘গ্রেপ্তার’ এবং ‘আটক’— এই দু’টি বিষয়ের মধ্যে আলাদা নিয়ম করা যাবে না। পুলিশ কাউকে আনুষ্ঠানিক ভাবে গ্রেপ্তার দেখানোর আগে ‘আটক’ করলে তবে সেই সময়টা বাদ দেওয়া যাবে না। এই ধরনের কাজ করলে তা অসাংবিধানিক বলে গণ্য হবে।
সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকেও নির্দেশ দিয়েছে, কোনও অভিযুক্তকে রিমান্ডে পাঠানোর সময়ে আটকের সঠিক তারিখ এবং সময় রেকর্ড রাখতে হবে। তারপরের নিয়ম আটকের ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে কিনা জানতে হবে। যদি ম্যাজিস্ট্রেট দেখেন, অভিযুক্তকে অনেক বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে এবং তা অযৌক্তিক, তবে তিনি পুলিশের রিমান্ডের আবেদন খারিজ করে দিতে পারেন।




