ওয়েব ডেস্ক: ১৫ অক্টোবর থেকে UPI লেনদেনে মাশুল কার্যকরের সিদ্ধান্ত আপাতত স্থগিত। ব্যবসায়ীদের আপত্তির প্রেক্ষিতে সময়সীমা পিছিয়ে দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা NPCI । মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, ২,০০০ টাকার বেশি অঙ্কের ব্যবসায়িক ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) দীপাবলির পরে চালু হবে। তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এ বিষয়ে পরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
উৎসবের মরশুমে কেনাকাটা ও ডিজিটাল লেনদেনের পরিমাণ বৃদ্ধির কথা মাথায় রেখে মাশুল কার্যকরের সময় পিছোনোর দাবি তুলেছিলেন ব্যবসায়ীরা। তাঁদের আশঙ্কা, অতিরিক্ত খরচের বোঝা ব্যবসায়িক লেনদেন ও পণ্যের দামে প্রভাব ফেলতে পারে। ভোগ্যপণ্যের চাহিদা কমার আশঙ্কাও রয়েছে।
দীর্ঘ ছ’বছর ধরে নিখরচায় UPI পরিষেবা দিয়ে এসেছে NPCI , সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত অগস্টে UPI-এর মাধ্যমে মোট ২৯.৮২ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। দেশের খুচরো ব্যবসায় ডিজিটাল পেমেন্টের ক্রমবর্ধমান নির্ভরতার মধ্যে মাশুল কার্যকরের সময়সীমা নিয়ে তাই বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। এর আগে একাধিক সরকারি সূত্র জানিয়েছিল, অক্টোবরের পরিবর্তে জানুয়ারিতে এই মাশুল চালু হতে পারে।




