ওয়েব ডেস্ক : বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ‘আরশোলা-ছারপোকা’ থেকে সাবধান থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে থাকার বার্তা দিয়ে তাঁর মন্তব্য, ওপার থেকে কেউ কেউ ভারত ও মোদিকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। বনগাঁয় দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
মতিগঞ্জ ঐক্য সম্মিলনীর পুজোমণ্ডপে শুভেন্দু বলেন, “আপনারা বাংলাদেশ সীমান্তের পাশে থাকেন। আরশোলা, ছারপোকাদের থেকে সাবধানে থাকবেন। সকলে মোদিজির সঙ্গে থাকবেন।” তাঁর সংযোজন, “ও পার থেকে কিছু লম্পট চিৎকার করছে ভারতকে, মোদিকে উল্টে দেবে, সরিয়ে দেবে বলে। তাদের উদ্দেশে বলুন, জয়-জয় শ্রীরাম।” এ দিন নদিয়া ও উত্তর ২৪ পরগনার একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নদিয়ায় তাঁর দাবি, নতুন সরকার ক্ষমতায় আসার পরে ১২ হাজার ৪০০টি নতুন পুজোকে অনুমোদন দেওয়া হয়েছে। বনগাঁর গান্ধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে নাগরিকত্বের প্রসঙ্গও তোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, এলাকার শরণার্থীদের ভোটার তালিকা, সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) এবং তফসিলি শংসাপত্র নিয়ে দীর্ঘদিন সমস্যা রয়েছে। এখন থেকে শুনানির মাধ্যমে জেলাশাসকেরা সিএএ শংসাপত্র দেবেন বলে জানান তিনি। তাঁর আশ্বাস, সিএএ শংসাপত্র পাওয়া তফসিলি জাতিভুক্তদের শংসাপত্র পেতেও অসুবিধা হবে না।
ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে শুভেন্দু বলেন, “যাঁরা সিএএ শংসাপত্র পেয়েছেন বা পাবেন, জানুয়ারি মাসে তাঁদের ভোটার তালিকায় নাম তুলে দেব। মায়ের সামনে দাঁড়িয়ে কথা দিলাম।”




