HomeTop Newsএনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ সাংসদকে চূড়ান্ত ডেডলাইন! সুদীপ-কাকলিদের সময় বেঁধে দিলেন স্পিকার

এনসিপিআইয়ে যোগ দেওয়া ২০ সাংসদকে চূড়ান্ত ডেডলাইন! সুদীপ-কাকলিদের সময় বেঁধে দিলেন স্পিকার

২৪ নভেম্বরের মধ্যে চূড়ান্ত জবাব দিতে হবে। তৃণমূল ছেড়ে এনসিপিআই (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদকে আর অতিরিক্ত সময় দিতে নারাজ লোকসভার স্পিকার ওম বিড়লা

ওয়েব ডেস্ক : ২৪ নভেম্বরের মধ্যে চূড়ান্ত জবাব দিতে হবে। তৃণমূল ছেড়ে এনসিপিআই (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদকে আর অতিরিক্ত সময় দিতে নারাজ লোকসভার স্পিকার ওম বিড়লা। বারবার সময় চাওয়ার পর এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়দের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। খবর অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হতে পারে।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর দলের ২০ জন সাংসদ দল ছেড়ে NCPI-তে যোগ দেন। তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়ের মতো পরিচিত সাংসদ। নতুন দল NCPI-তে যোগ দিয়ে তাঁরা এনডিএ সরকারকে সমর্থনের কথা জানান। এরপর তাঁদের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৃথক ২০টি আবেদন জমা দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ বন্ধই, চন্দননগরে মোতায়েন আধাসেনা

তৃণমূলের অভিযোগ, ওই ২০ জন সাংসদ জোড়াফুল প্রতীকে নির্বাচিত হয়ে পরে অন্য দলে যোগ দিয়েছেন। তাই সংবিধানের দশম তফসিল অনুযায়ী তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হওয়া উচিত। এই মামলায় দ্রুত সিদ্ধান্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫ অগস্ট শীর্ষ আদালত ২০ জন সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করে। পাশাপাশি লোকসভার স্পিকার ও সচিবালয়ের বক্তব্যও জানতে চাওয়া হয়।

এরপর স্পিকারের দফতর থেকেও সংশ্লিষ্ট সাংসদদের জবাব তলব করা হয়। কিন্তু বারবার সময় চাওয়ায় বিষয়টি দীর্ঘায়িত হয়েছে। এর আগে অন্তত আটবার অতিরিক্ত সময় চেয়েছেন সংশ্লিষ্ট সাংসদরা বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন। এবার ২৪ নভেম্বরকে চূড়ান্ত সময়সীমা হিসেবে জানানো হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা কী যুক্তি পেশ করেন এবং স্পিকার তাঁদের সাংসদ পদ নিয়ে কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments