ওয়েব ডেস্ক: মুম্বাইয়ের গলিতে ক্রিকেট খেলার পর অটোতে স্ত্রী কেট উইলিয়ামকে পিছনে বসিয়ে অটো চালক হলেন প্রিন্স উইলিয়াম। ভারতে তিন দিনের সফরে এসে ভিন্ন রূপে ধরা দিয়েছেন এই রয়্যাল দম্পতি। সেখানে রাজকীয়তার কোন ছাপ নেই। ইংল্যান্ডের রাস্তায় অডি, ল্যান্ড রোভার ডিফেন্ডার চালানোয় অভ্যস্ত হাত এদিন চালিয়েছে অটো।
বিভিন্ন রাজকীয় গাড়ির মালিক এদিন অটো চালক হয়েও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছেন তা দেখা গেছে। অটোর পিছনে সওয়ার হয়েছিলেন স্ত্রী কেট। মুম্বইয়ের বান্দ্রার রিকলেমেশন গার্ডেনে অটো দাঁড়িয়ে থাকতে দেখে তাতে উঠে পড়েন ব্রিটেনের রাজপুত্র। দক্ষ হাত বুঝে নিয়েছিল কিভাবে সেটি চালাতে হবে।
সোমবার মুম্বাইয়ের গলিতে ক্রিকেট খেলায় মেতে উঠেছিলেন এই রয়্যাল দম্পতি। ভারত সফরের প্রতিটি মুহূর্ত সাধারণভাবেই কাটাচ্ছেন তাঁরা। গলি ক্রিকেট খেলার সময় তাদের সঙ্গে হাজির ছিলেন ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। যা অন্য মাত্রা দিয়েছে। মুম্বইয়ের রাস্তার খাবার এবং স্থানীয় সংস্কৃতির স্বাদও গ্রহণ করেছেন কেট ও প্রিন্স উইলিয়াম। গলি ক্রিকেট থেকে শুরু করে অটো চালানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।




