HomeBig Breakingদলের পরিচয় নিয়ে লড়াই, ঋত-শিবিরের বিরুদ্ধে এবার আইনের দরজায় মমতা-তৃণমূল

দলের পরিচয় নিয়ে লড়াই, ঋত-শিবিরের বিরুদ্ধে এবার আইনের দরজায় মমতা-তৃণমূল

ওয়েব ডেস্ক: তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে বিবাদ এবার পৌঁছল থানায়। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় জালিয়াতির অভিযোগ তুলে কলকাতার কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মমতা- তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। অভিযোগে নাম রয়েছে নানুর থানার ওসি সঞ্জয় সরকার, সাব-ইনস্পেক্টর গোলক ঘোষ, বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের। নানুর থানার অন্য কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধেও ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগকারীর দাবি, ২৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে নানুর থানার পরিকাঠামো ব্যবহার করে নির্বাচন কমিশনের সামনে ঋতব্রত-শিবিরের সাংগঠনিক সমর্থন দেখাতে একাধিক হলফনামা তৈরি করা হয়। পাশের গ্রামের ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম ও ব্যক্তিগত তথ্য নিয়ে স্ট্যাম্প পেপারে তা বসানো হয়েছিল বলে অভিযোগ। সংশ্লিষ্ট ব্যক্তিদের অজান্তে তাঁদের স্বাক্ষর এবং নোটারির সিল-স্বাক্ষর জাল করার অভিযোগও রয়েছে। এই নথির মাধ্যমে অরূপ রায়কে তৃণমূলের চেয়ারম্যান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি অভিযোগকারীর।

ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের ও পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানানো হয়েছে। দুই পক্ষই দলের নাম ও প্রতীকের দাবিতে কমিশনে হলফনামা জমা দিয়েছে, বিষয়টি আদালতেও গড়িয়েছে। এর আগেও মমতা-শিবির হুঁশিয়ারি দিয়েছিল।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অরূপ রায়। তাঁর দাবি, তাঁদের হলফনামা দলের কর্মীরাই জমা দিয়েছেন এবং অভিযোগ ভিত্তিহীন। অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments