কলকাতা:রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচন সম্পন্ন হয়েছে মঙ্গলবার। ৯ই অক্টোবর ফলপ্রকাশ। তার আগেই আচমকা রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। বিধানসভা নির্বাচনের আগে তিনি নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছিলেন। নওদা ও রেজিনগরে জয় পেয়েছিলেন তিনি। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হতো তাঁকে। রেজিনগর কেন্দ্র ছেড়ে দেন তিনি। সেখানেই মঙ্গলবার হয়েছে উপ নির্বাচন।
ভোটের সময় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রেজিনগর উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। প্রার্থী বা এজেন্ট না হয়েও বুথে বুথে ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে। এই কারণেই সম্ভবত তাকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরেই ক্ষোভ প্রকাশ করে রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিচ্ছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন, মানুষের জন্য কাজ করলেও রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নিচ্ছেন। আর কোনওদিন তিনি বিধানসভায় যাবেন না বলে জানিয়েছেন আম জনতা পার্টির প্রতিষ্ঠাতা। স্থানীয় মানুষের কাছে হাত জোর করে ক্ষমাও চেয়েছেন তিনি। এর পাশাপাশি অবশ্য তিনি জানান, বেঁচে থাকতে থাকতে বাবরি মসজিদ করে যাবেন।
বুধবার সংবাদমাধ্যমের সামনে বসে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। রাজনীতির প্রতি এখন বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন। তার কথায়,যে নিয়মে একজন পুলিশ একজন বিধায়ককে জোর করে তুলে নিয়ে ১২ ঘন্টা আটকে রাখতে পারে, সেই গণতন্ত্রকে তিনি ঘৃণা করেন। নওদার মানুষ তাঁকে ভালোবেসে বিধায়ক করেছেন, সেই কারণে তাঁদের পরিষেবা দেবেন। কিন্তু বিধানসভায় যাবেন না।




