কলকাতা: রাজ্যে পালাবদল হয়েছে। ক্ষমতায় এসে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এবারের দুর্গাপুজো বাঙালি তথা কলকাতাবাসীর কাছে মনে রাখার মতো হবে। তারই ছবি দেখা গেল ইডেনে। শনিবার একসঙ্গে ৩ হাজার ঢাক ও ৪ হাজার শঙ্খধ্বনি বেজে উঠেছে ইডেনে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মহালয়া অর্থাৎ দেবীপক্ষ শুরু হওয়ার আগে থেকেই প্রভাবশালী মন্ত্রীদের পুজোর উদ্বোধন করতেন। দেবীপক্ষ পড়ার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে চক্ষুদান করতেন বহু প্রতিমার।
বঙ্গে বিজেপি আসার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, পুজো হবে পুজোর মতো। থিমের পেছনে না দৌড়ে, সাবেকি এবং সনাতনী পুজো করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তাঁর প্রতিশ্রুতি ছিল, এবারে দুর্গাপুজো কলকাতা সাজবে এক নতুনরূপে। কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। মহালয়া উপলক্ষে শনিবার থেকে দুর্গাপুজোর শুভ উদ্বোধন। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলার বিখ্যাত ঢাকিদের নাম যাতে তোলা যায় তার জন্য ৩০০০ ঢাকি একসাঙ্গে এদিন অনুষ্ঠানে ঢাক বাজান। পাশাপাশি থাকবে নাচ, বাউল, শ্রীখল বাদ্য।
মহালয়ার শুভলগ্নে ঢাকের তাল ও সুরের মূর্ছনা তৈরি করতে ইডেন গার্ডেন্সে সমবেত হয়েছেন হাজার হাজার ঢাকি; যা ছিল বাঙালি সংস্কৃতির এক অভূতপূর্ব উদযাপন। ঢাকের জোরালো তাল, ঐতিহ্যবাহী পোশাক আর উৎসবের আমেজ—সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে সত্যিই অবিস্মরণীয়। দুর্গাপুজো আসন্ন, আর তাই কলকাতা এখন থেকেই মা দুর্গার শক্তি ও উদ্দীপনায় পরিপূর্ণ! এছাড়াও শহর কলকাতা জুড়ে বিভিন্ন জায়গা নতুন সাজে সেজে উঠেছে।




