HomeTop News'আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ব্যবস্থা নিয়েছে'

‘আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ব্যবস্থা নিয়েছে’

সিজেপি-র আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ

কলকাতা: দিল্লির পরিস্থিতি উত্তপ্ত। শনিবার দিল্লির যন্তর মন্তরে কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। কিন্তু কর্মসূচিতে যাওয়ার আগেই সিজেপি-র নেতা সহ অনেকেই আটক করা হয়েছিল। ৪ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন তাঁদের মধ্যে। এই প্রসঙ্গে রবিবার সকালে নিউটাউন ইকোপার্ক থেকে বক্তব্য রেখেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, যাদের ওপর কোনও ভরসা নেই, তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে মানুষ। এরা কখন কী করবে, ভরসা করা যায় না বলেই সরকার ব্যবস্থা রেখেছিল। যাতে কোনওরকম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি না হয় সেই দিকেই লক্ষ্য রাখা হয়েছিল।

রবিবারেও যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলন রয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, কাজ না থাকলেই আন্দোলন হয়। এমন একটি দল, যার কাউন্সিলর,বিধায়ক, সাংসদ কিছু নেই, তাদের নেতৃত্বে বড় বড় নেতারা আন্দোলন করছেন। এর থেকে স্পষ্ট গভীর চক্রান্ত রয়েছে।

দিল্লিতে আটক করা হয়েছিল বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। থানা থেকে বেরিয়ে বিজেপিকে নিশানাও করেন তিনি। তাঁকে আটক করার প্রতিবাদ হয়েছে কলকাতাতেও। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, এরা মানুষের দ্বারা বর্জিত হয়েছে। এই কথা বলতে গিয়ে রেজিনগরের উপনির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে এনেছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেছেন, দুই তৃণমূল মিলিয়ে ৩ শতাংশ ভোটও পায়নি। কটাক্ষ করে তিনি বলেন, মানুষের দ্বারা বর্জিত হয়ে দিল্লি বা বাংলাদেশ যেখানেই যান দলের কোনও লাভ হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে তিনি বলেন, উল্টোপাল্টা কথা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। এই ধরনের মানুষের উপর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূলের পাশাপাশি বামেদের ও নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মিথ্যেবাদী কমিউনিস্টরা। এখনও মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments