HomeScrollবিদেশিনি থেকে ভারতীয়, সোনিয়ার স্মৃতিকথায় প্রেম, শোক ও ক্ষমতার অলিন্দের অজানা কাহিনি

বিদেশিনি থেকে ভারতীয়, সোনিয়ার স্মৃতিকথায় প্রেম, শোক ও ক্ষমতার অলিন্দের অজানা কাহিনি

একদিন যিনি ছিলেন সম্পূর্ণ বহিরাগত, সময়ের সঙ্গে তিনিই হয়ে উঠেছেন ভারতের অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব

কণাদ দাশগুপ্ত

একদিন যিনি ছিলেন সম্পূর্ণ বহিরাগত, সময়ের সঙ্গে তিনিই হয়ে উঠেছেন ভারতের অন্যতম পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। ইতালির ছোট্ট শহর অরবাসানো থেকে দিল্লির ১০ জনপথ—সোনিয়া গান্ধীর এই যাত্রাপথের নানা অজানা অধ্যায় এবার প্রকাশ্যে আসছে তাঁর স্মৃতিকথায়।

‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ শীর্ষক বইয়ের কিছু অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। আগামী ১০ নভেম্বর বইটি প্রকাশিত হওয়ার কথা।

স্মৃতিকথায় রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়, প্রেম এবং গান্ধী পরিবারের সদস্য হয়ে ওঠার অভিজ্ঞতা তুলে ধরেছেন সোনিয়া। ভারতীয় খাবারের সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতিও রয়েছে সেখানে। গান্ধী পরিবারের বাড়িতে প্রথম তন্দুরি চিকেন খেতে গিয়ে ঝালের তীব্রতায় রীতিমতো অস্বস্তিতে পড়েছিলেন তিনি। পরে ভাত, ফুলকা, মাছ, মাংস এবং ডালের মতো ভারতীয় খাবার তাঁর অভ্যাসে পরিণত হয়।

আরও পড়ুন:

সংবিধান দিবসে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ফের পথে রাহুল

শাড়ি পরার প্রথম অভিজ্ঞতাও বেশ মজার। বাগদানের দিন শাড়ি সামলাতে একাধিক সেফটি পিনের সাহায্য নিতে হয়েছিল তাঁকে। অন্য দিকে, বিয়ের শাড়িটির সঙ্গে জড়িয়ে ছিল নেহরু পরিবারের ইতিহাস। ওই শাড়ির সুতো কেটেছিলেন জওহরলাল নেহরু, কারাবাসের সময়।

তবে স্মৃতিকথা শুধু প্রেম ও সংসারের গল্পে সীমাবদ্ধ নয়। সঞ্জয় গান্ধীর মৃত্যু, ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং রাজীব গান্ধীর হত্যার মতো ব্যক্তিগত বিপর্যয়ের কথাও উঠে এসেছে। রাজনীতি থেকে দূরে থাকার ইচ্ছা সত্ত্বেও কী ভাবে শেষ পর্যন্ত কংগ্রেসের নেতৃত্বের দায়িত্ব নিতে হয়েছিল তাঁকে, সেই অভিজ্ঞতাও তুলে ধরেছেন সোনিয়া।

একজন বিদেশিনির ভারতীয় হয়ে ওঠার গল্পের পাশাপাশি এ বই আসলে এক নারীর ব্যক্তিগত লড়াই, শোক সামলে উঠে দাঁড়ানো এবং ইতিহাসের কেন্দ্রে এসে পড়ার বিবরণ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments