ওয়েব ডেস্ক: দীপাবলির আগে গাড়িতে, বাইকে, ট্রেনে করে অনেকে বাজি কিনে আনেন। চম্পাহাটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কম দামে বিপুল বাজি অনেকে কেনেন। অবৈধবাজি রুখতে তৎপর পুলিশ প্রশাসন। রাস্তায় রাস্তায় চলে চেকিং। এবার সেই পথেই রেলও।
বিগত কয়েক বছর ধরে বাজি কেনা বিক্রিতে একাধিক নিয়ম এসেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে শব্দবাজির দিকে কড়া নজরদারি রাখা হয়েছে। এবার আরো জোরদার করা হয়েছে নিরাপত্তা। ট্রেনে করে বাজি পটকা নিয়ে আসা যাবে না। তার জন্য গুনতে হবে জরিমানা। কেউ এই ধরনের কাজ করলে তার পকেট থেকে খসবে ১০ হাজার টাকা। দীপাবলি এবং ছট পুজোর আগের এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, বেআইনি কাজ রুখতে প্ল্যাটফর্ম, পার্সেল ইয়ার্ড, ট্রেনের কামড়ায় কড়া নজরদারি চালানো হচ্ছে। বলা হয়েছে রেলওয়ে চত্বরে কোনরকম বিস্ফোরক বা অবৈধ ও বিপদজনক বাজি নিয়ে ঢুকলেই ১০ হাজার টাকা দিতে হবে। কোনরকম ক্ষতি হলে কোন যাত্রী থেকে জরিমানা যেমন নেওয়া হবে তেমন ক্ষয়ক্ষতির টাকাও আদায় করা হবে। এখানেই শেষ করে কারাদণ্ড হতে পারে। যাত্রী নিরাপত্তা নিয়ে কোন রকম আপোষ করা হবে না।
রেল সূত্রে খবর, নভেম্বর মাসে দীপাবলির আগে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ৮ জন। প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ বাজি-পটকা বাজেয়াপ্ত হয়েছে।




