HomeBig Breakingঅভিষেকের রক্ষাকবচ খারিজের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

অভিষেকের রক্ষাকবচ খারিজের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

রাজ্যের যুক্তি, অভিষেকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি গুরুতর

নয়াদিল্লি: মমতা-তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় কলকাতা হাই কোর্টের দেওয়া রক্ষাকবচের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। গত আগস্ট মাসে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে যে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিলেন, সেই নির্দেশেরই বদল চায় রাজ্য। শুক্রবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। দীপাবলির ছুটির পরে আদালত খুললে মামলাটির শুনানির সম্ভাবনা।

গত ২৫ আগস্ট হাইকোর্ট অভিষেকের বিরুদ্ধে তিনটি মামলায় পুলিশকে কোনওরকম বলপ্রয়োগমূলক পদক্ষেপ না করার নির্দেশ দেয়। ৩০ নভেম্বর পর্যন্ত ওই রক্ষাকবচ কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়। তার আগে রাজ্যের পক্ষ থেকে ওই নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন।

আরও পড়ুন:

জন্মহার কমার বাস্তবতায় দুই সন্তান নীতির বৈধতা পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্ট

রাজ্যের যুক্তি, অভিষেকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি গুরুতর। ফৌজদারি মামলায় আগাম জামিন-সহ একাধিক আইনি প্রতিকারের সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে একাধিক এফআইআরকে একসঙ্গে চ্যালেঞ্জ করে সামগ্রিক রক্ষাকবচ চাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে সরকার। প্রতিটি মামলার ক্ষেত্রে পৃথক আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত বলেও রাজ্যের বক্তব্য।

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে তদন্ত বন্ধ হয়নি। অভিষেককে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়ার নির্দেশও রয়েছে। এবার সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদনের উপর কী অবস্থান নেয় শীর্ষ আদালত, সেদিকেই নজর রাজনৈতিক ও আইনজীবী মহলের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments