HomeBig Breakingঅমিত শাহকে নিয়ে মন্তব্যে মানহানির মামলা, বেকসুর খালাস রাহুল গান্ধী

অমিত শাহকে নিয়ে মন্তব্যে মানহানির মামলা, বেকসুর খালাস রাহুল গান্ধী

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় বেকসুর খালাস পেলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার, ২৬ অক্টোবর উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ সাংসদ-বিধায়ক আদালত এই রায় দিয়েছে। বিচারক শুভম বর্মা জানান, রাহুলের মন্তব্য মানহানিকর বলে বিবেচিত নয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাহুল নিজেই।

২০১৮ সালের এই মামলার সূত্রপাত কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে। বেঙ্গালুরুতে এক সভায় তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিশানা করে মন্তব্য করেছিলেন রাহুল। তাঁর বক্তব্যের মর্ম ছিল, সততা ও স্বচ্ছ রাজনীতির কথা বলা বিজেপির সভাপতি নিজেই একটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন। এই মন্তব্যের বিরুদ্ধেই মানহানির অভিযোগ আনেন বিজেপি নেতা বিজয় মিশ্র। ২০১৮ সালের ৪ অগস্ট তিনি মামলা দায়ের করেন।

মামলাটি ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় দায়ের হয়েছিল। অভিযোগকারীর দাবি ছিল, রাহুলের মন্তব্যে অমিত শাহের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অন্যদিকে, রাহুলের বক্তব্য ছিল, তাঁর মন্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে উপস্থাপন করা হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে ছিল সোহরাবুদ্দিন শেখের এনকাউন্টার মামলা। সেই মামলায় ২০১৪ সালে বিশেষ সিবিআই আদালত অমিত শাহকে অব্যাহতি দিয়েছিল।

২০২৩ সালে আদালতে হাজির হয়ে জামিন পেয়েছিলেন রাহুল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সোমবার মামলার নিষ্পত্তি হল। আদালতের রায়ে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা। রায়ের পর আদালত চত্বরে কংগ্রেস কর্মী- সমর্থকদের উচ্ছ্বাসও দেখা যায়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments