দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলন ঘিরে উত্তেজনা। বক্তব্য চলাকালীনই চিৎকার- চেঁচামেচি শুরু হয় ককরোচ জনতা পার্টি বা CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং আইসার সভানেত্রী নেহা বোরার যৌথ সাংবাদিক সম্মেলনে। তাঁদের উদ্দেশে ‘দূর হটো’ স্লোগান দেওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়েছে। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি ‘দ্য ভয়েস অফ রিপাবলিক’।
প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনে উপস্থিত কয়েক জনকে ‘বন্ধ কর তোমাদের সম্মেলন, দূর হটো’ বলতে শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নেহা ও দিপকে আসন ছেড়ে উঠে যান। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বাইরে বের করে দেওয়ার জন্য আয়োজকদের অনুরোধও করেন নেহা। তার পরেও চিৎকার-চেঁচামেচি চলতে থাকে। সংবাদসংস্থা পিটিআইয়ের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।
ঘটনাটি তাৎপর্যপূর্ণ, কারণ শুক্রবার দিল্লিতে নতুন প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন দিপকে। ‘লেহরা দো তিরঙ্গা’ বা ‘তেরঙা ওড়াও’ অভিযানে জাতীয় পতাকা হাতে তরুণ প্রজন্মের পাশাপাশি সাধারণ মানুষ ও বিরোধী দলের কর্মী-সমর্থকদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদেই এই কর্মসূচি।




