HomeTop Newsক্যামাক স্ট্রিট-কাণ্ডে সোমবার থানায় তলব অভিষেককে

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে সোমবার থানায় তলব অভিষেককে

অনুগামীদের আচরণের দায় এড়াতে পারেন কি মমতা-তৃণমূলের 'সেনাপতি' ?

ওয়েব ডেস্ক: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ফের পুলিশের নোটিস পেলেন মমতা- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছন শেক্সপিয়র সরণি থানার পুলিশ আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, সোমবার থানায় হাজির হয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। ঘটনাটি নিছক একটি বিলবোর্ড খোলার বিরোধ নয়। অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপ ঘিরে যে সংঘাত তৈরি হয়েছিল, তার কেন্দ্রেই ছিল অভিষেকের দফতর। ফলে অনুগামীদের ভূমিকা নিয়ে তদন্তের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বের দায়ও এড়িয়ে যাওয়ার নয়।

গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের একটি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে তাঁর অনুগামীদের বচসা বাধে। পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। শেষ পর্যন্ত খুলে নেওয়া হয় তৃণমূলের নাম ও জোড়াফুল চিহ্নযুক্ত বিলবোর্ডটি। অভিযোগ, বিলবোর্ডটি বেআইনি ভাবে বসানো হয়েছিল এবং এলাকার নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক ছিল। প্রশ্ন হল, নিয়ম মেনে প্রশাসনিক পদক্ষেপ হলে তা ঘিরে সংঘাত কেন? নিজের দফতর ও অনুগামীদের ঘিরে এমন পরিস্থিতি তৈরি হলে দলের শীর্ষ নেতা হিসেবে অভিষেকের রাজনৈতিক দায় নিয়ে প্রশ্ন উঠবেই। অনুগামীদের আচরণের দায় সরাসরি তাঁর উপর বর্তায় কি না, তা তদন্তসাপেক্ষ; কিন্তু নেতৃত্বের জবাবদিহির প্রশ্নটি অস্বীকার করা যায় না।

ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে একটি মামলায় আগেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এবার ফের তলব। বুধবার নোটিস দিতে গিয়েও ফিরে এসেছিল পুলিশ। বাড়ি থেকে জানানো হয়েছিল, অভিষেক শহরের বাইরে রয়েছেন এবং নোটিস গ্রহণ করার মতো কেউ নেই। দিল্লির কর্মসূচি সেরে শনিবার কলকাতায় ফেরার পর রবিবার আবার তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। এ বার নোটিস গ্রহণ করা হয়েছে।

এখন সোমবারের হাজিরাই নজরে। বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানানো এক বিষয়, আর নিজের দফতর ঘিরে সংঘর্ষের ঘটনায় তদন্তের মুখোমুখি হওয়া অন্য বিষয়। অভিষেকের কাছে প্রত্যাশা, তিনি তদন্তে সহযোগিতা করবেন এবং ঘটনার বিষয়ে স্পষ্ট অবস্থান জানাবেন। অভিযোগের সত্যতা নির্ধারণ করবে তদন্ত; কিন্তু রাজনৈতিক ক্ষমতা কখনও জবাবদিহির বিকল্প হতে পারে না।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments