HomeBig Breakingপাহাড়ের যানজটের গেড়ো খুলতে কলকাতার অভিজ্ঞতাকেই হাতিয়ার প্রশাসনের

পাহাড়ের যানজটের গেড়ো খুলতে কলকাতার অভিজ্ঞতাকেই হাতিয়ার প্রশাসনের

ওয়েব ডেস্ক: কলকাতার যানজট সামলানোর অভিজ্ঞতাকে এ বার পাহাড়ের রাস্তায় কাজে লাগাতে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। দার্জিলিং শহরকে যানজটমুক্ত করতে কলকাতা পুলিশের লালবাজার থেকে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল পৌঁছেছে পাহাড়ে। পাহাড়ি শহরের ক্রমবর্ধমান যানবাহনের চাপ, সংকীর্ণ রাস্তা এবং পর্যটনের মরসুমে তৈরি হওয়া যানজটের স্থায়ী সমাধান খুঁজতেই এই উদ্যোগ।

বিশেষজ্ঞ দলটির সদস্যদের মধ্যে রয়েছেন কলকাতা ট্রাফিক পুলিশের এক জন ডেপুটি কমিশনার, তিন জন ইনস্পেক্টর এবং এক জন সার্জেন্ট। চার দিনের এই পরিদর্শনে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, সোনাদা এবং জোরবাংলোর যানজটপ্রবণ এলাকাগুলি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কার্শিয়াং, সোনাদা ও দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় ঘুরে রাস্তার পরিস্থিতি পর্যালোচনা করেছেন তাঁরা। রাস্তার প্রস্থ, পার্কিংয়ের সুযোগ, যানজটের কেন্দ্রস্থল, ট্রাফিক সাইনবোর্ড এবং পথ নিরাপত্তার বিষয়গুলিও রয়েছে সমীক্ষার আওতায়।

দার্জিলিংয়ের পুলিশ সুপার ওয়াই শ্রীকান্ত জগন্নাথরাও জানিয়েছেন, জেলার যান চলাচল সংক্রান্ত সমস্যার মূল্যায়ন এবং সম্ভাব্য সমাধান খুঁজতেই কলকাতা পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল। বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ ও সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।

তবে এই সমস্যার সমাধান শুধু পুলিশি ব্যবস্থায় সম্ভব নয় বলেই মনে করছে জেলা পুলিশ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ), পুরসভা, স্কুল এবং রাস্তা উন্নয়নের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকেও এই উদ্যোগে সামিল করার পরিকল্পনা রয়েছে। এর আগে ড্রোনের সাহায্যে রাস্তার প্রস্থ ও পরিকাঠামো নিয়ে সমীক্ষা চালিয়েছিল দার্জিলিং পুলিশ। সেই তথ্যের সঙ্গে কলকাতা পুলিশের রিপোর্ট মিলিয়ে পাহাড়ের উপযোগী স্থায়ী সমাধান খোঁজা হবে।

কলকাতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাহাড়ের যানজট সামলানোর এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments