ওয়েব ডেস্ক: শীতের আমেজ ক্রমশ বাড়ছে রাজ্যজুড়ে। তবে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী সাত দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য কোনও ওয়েদার সিস্টেম সক্রিয় নেই। ফলে আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রার ক্ষেত্রেও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হয়েছে, রাজ্যের অধিকাংশ জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কিছু এলাকায় তা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেক জায়গাতেই স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা কম রয়েছে।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। নভেম্বরের শেষের দিকে তাপমাত্রা সাময়িকভাবে এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অবশ্য শীতের প্রভাব তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদেও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। আগামী এক সপ্তাহ এই জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। নভেম্বরের শেষ দিকে সাময়িকভাবে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
অন্যদিকে, আগামী ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে অবস্থান করবে। ফলে আগামী এক সপ্তাহে রাজ্যের আবহাওয়ার উপর এই ঘূর্ণাবর্তের কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা নেই। সব মিলিয়ে আগামী এক সপ্তাহ রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের বেলায় তুলনামূলক কম তাপমাত্রা এবং রাতের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।




