HomeTop Newsদলের অস্তিত্বের লড়াইয়ে ২৭ নভেম্বর নির্বাচন কমিশনে মুখোমুখি মমতা-ঋতব্রত

দলের অস্তিত্বের লড়াইয়ে ২৭ নভেম্বর নির্বাচন কমিশনে মুখোমুখি মমতা-ঋতব্রত

আগামী ২৭ নভেম্বর দিল্লিতে শুনানির জন্য মুখোমুখি ডাকা হল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকে

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক এবং সাংগঠনিক কর্তৃত্ব নিয়ে সংঘাতের নিষ্পত্তির পথে আরও এক ধাপ এগোল নির্বাচন কমিশন। আগামী ২৭ নভেম্বর দিল্লিতে শুনানির জন্য মুখোমুখি ডাকা হল মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকে। দলের প্রকৃত সাংগঠনিক পরিচয় কার হাতে থাকবে, জোড়া ফুল প্রতীকের অধিকারই বা পাবে কোন পক্ষ, সেই প্রশ্নে কমিশনের এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন তৃণমূলের প্রতিষ্ঠাতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শিবিরের বক্তব্য, তৃণমূলের সাংগঠনিক কাঠামো, দলীয় সংবিধান এবং নেতৃত্বের বৈধতা নিয়ে কোনও সংশয় নেই। মমতাই দলের চেয়ারপার্সন এবং তাঁর নেতৃত্বাধীন জাতীয় কর্মসমিতির মেয়াদ এখনও বহাল। ফলে কয়েক মাস আগে তৃণমূলের টিকিটে নির্বাচনে জিতে আসা বিধায়কদের একাংশের নেতৃত্ব পরিবর্তনের দাবি কতটা গ্রহণযোগ্য, সেই প্রশ্ন তুলেছে মমতা শিবির।

অন্যদিকে, ঋতব্রত শিবিরের দাবি, দলের সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন হয়েছে এবং তারাই প্রকৃত তৃণমূলের প্রতিনিধিত্ব করছে। নাম, প্রতীক ও দলীয় সম্পদের উপরও অধিকার দাবি করেছে তারা।

এর আগে দুই পক্ষের বক্তব্য ও নথি খতিয়ে দেখেছে কমিশন। সুপ্রিম কোর্টও নির্দিষ্ট সময়ের মধ্যে বিতর্কের নিষ্পত্তির নির্দেশ দিয়েছে।

২৭ নভেম্বরের শুনানিতে তাই শুধু দুই শিবিরের যুক্তিতর্ক নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত দলের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ের ভবিষ্যৎও নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে এখন দুই শিবিরই।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments