ওয়েব ডেস্ক: নতুন স্মৃতিকথাকে ঘিরে আইনি বিতর্কে জড়ালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। হিন্দুত্বের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে বইয়ে লেখা কয়েকটি মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁকে আইনি নোটিস পাঠালেন সাভারকরের পরিবারের সদস্য সত্যকি সাভারকর। নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বক্তব্য সংশোধন এবং প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে উপযুক্ত আদালতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত স্মৃতিকথা Belonging: A Journey of Love-এর ২০১ এবং ৪৪৩ নম্বর পাতায় সাভারকর সম্পর্কে দুটি বক্তব্য নিয়ে আপত্তি তুলেছেন সত্যকি। আইনজীবী সংগ্রাম কোলহাটকরের মাধ্যমে পাঠানো নোটিসে দাবি করা হয়েছে, ওই বক্তব্যগুলি তথ্যগত ভাবে ভুল, ঐতিহাসিক প্রেক্ষাপটবর্জিত এবং সাভারকরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো।
২০১ নম্বর পাতায় ব্রিটিশ শাসনকালে কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীদের কারাবাস ও নির্যাতনের প্রসঙ্গ টেনে সাভারকরের ক্ষমাভিক্ষার আবেদন এবং ব্রিটিশদের সঙ্গে আরএসএস সদস্যদের সহযোগিতার উল্লেখ রয়েছে। সত্যকির অভিযোগ, এই বর্ণনা থেকে স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের কাছে তথ্য সরবরাহে সাভারকরের যুক্ত থাকার ধারণা তৈরি হয়। তাঁর দাবি, আন্দামানের সেলুলার জেলে দীর্ঘ কারাবাস-সহ সাভারকরের জীবনের ঐতিহাসিক পরিস্থিতি বিবেচনা না করে এমন মন্তব্য করা হয়েছে।
আরও পড়ুন:
শ্যামাপ্রসাদের ভাষণ উধাও, বিধানসভার গ্রন্থাগার ঘিরে নতুন রাজনৈতিক সংঘাত
৪৪৩ নম্বর পাতায় সাভারকরের রাজনৈতিক দর্শনকে হিন্দুদের প্রাধান্য প্রতিষ্ঠার ভাবনা হিসেবে তুলে ধরারও বিরোধিতা করেছেন তিনি। তাঁর মতে, এতে সাভারকরের মতাদর্শের যথাযথ মূল্যায়ন হয়নি।
নোটিসে ইন্দিরা গান্ধীর আমলে সাভারকরের সম্মানে ডাকটিকিট প্রকাশ এবং স্মারকে ১১ হাজার টাকা অনুদানের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। প্রকাশক হার্পারকলিন্সের সঙ্গে আলোচনা করে পরবর্তী সংস্করণ থেকে বিতর্কিত অংশ সংশোধন বা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।




