HomeBig Breakingরাজস্থানে পদ্মের পতন, উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির সামনে কি আরও কঠিন রাজনৈতিক পরীক্ষা?

রাজস্থানে পদ্মের পতন, উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির সামনে কি আরও কঠিন রাজনৈতিক পরীক্ষা?

কণাদ দাশগুপ্ত

ক্ষমতার দম্ভ, কেন্দ্রীয় নেতৃত্বের জনপ্রিয়তা কিংবা সাংগঠনিক শক্তি—কোনও কিছুই যে নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিতে পারে না, রাজস্থানের গ্রামীণ নির্বাচনে ফের তার প্রমাণ মিলল। বিজেপিশাসিত রাজ্যে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি, দুই স্তরেই কংগ্রেসের কাছে বড় ব্যবধানে পিছিয়ে পড়ল পদ্ম শিবির। এই ফলাফল শুধু রাজস্থানের রাজনৈতিক সমীকরণে ধাক্কা নয়, আগামী দিনে বিজেপির নির্বাচনী কৌশল নিয়েও বড় প্রশ্ন তুলে দিল। বিশেষ করে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এই পরাজয় গেরুয়া শিবিরের কাছে অশনিসংকেত। রাজস্থানের গ্রামেই যদি এই পরিস্থিতি হয়, উত্তরপ্রদেশে কী অপেক্ষা করছে বিজেপির জন্য?

রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জেলা পরিষদের ৫৯৯টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। সেখানে বিজেপির ঝুলিতে এসেছে মাত্র ৩০১টি আসন। পঞ্চায়েত সমিতির নির্বাচনে কংগ্রেসের দখলে ৩৭০১টি আসন। বিজেপি পেয়েছে ২১৮১টি। অর্থাৎ, দুই ক্ষেত্রেই বিরোধী দলের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে পড়েছে শাসক দল। পঞ্চায়েত সমিতির আসন সংখ্যার নিরিখে ৩৭টি জেলার মধ্যে ৩৩টিতেই বিজেপিকে পিছনে ফেলেছে কংগ্রেস। মাত্র চারটি জেলায় এগিয়ে রয়েছে পদ্ম শিবির।

এই ফলাফলকে নিছক স্থানীয় নির্বাচনের ওঠাপড়া বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। গ্রামীণ ভোটারদের এই রায় বিজেপির প্রতি অসন্তোষের ইঙ্গিত বহন করছে। ক্ষমতায় থাকার পরেও কেন শাসক দল মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে, তা নিয়ে আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে। নির্বাচনী প্রচারে বড় বড় প্রতিশ্রুতি কিংবা রাজনৈতিক মেরুকরণের কৌশল যে সব সময় ভোটারের মন জয় করতে পারে না, এই ফলাফল তারই বার্তা।

অন্যদিকে, কংগ্রেসের সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে বিজেপির রাজনৈতিক আধিপত্যের আবহে দাঁড়িয়ে সংগঠিত লড়াইয়ের মাধ্যমে এমন ফল হাত শিবিরের কাছে বড় রাজনৈতিক সাফল্য। বিরোধী রাজনীতিতে কংগ্রেস যে এখনও প্রাসঙ্গিক এবং নির্বাচনী লড়াইয়ে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে, রাজস্থানের ফলাফল তার প্রমাণ। সিপিএম-সহ আঞ্চলিক দলগুলির উপস্থিতিও নির্বাচনী লড়াইকে বহুমাত্রিক করেছে।

যদিও চারটি জেলার ভোটগণনা ১৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকায় চূড়ান্ত ফল এখনও আসেনি, বর্তমান প্রবণতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপির কাছে এখন আত্মতুষ্টি ছেড়ে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। কারণ রাজস্থানের এই ফলাফল উত্তরপ্রদেশের লড়াইয়ের আগে একটি অস্বস্তিকর প্রশ্ন তুলে দিল—এক রাজ্যে গ্রামীণ ভোটারদের আস্থা হারালে অন্য রাজ্যে সেই আস্থা ধরে রাখবে কীভাবে বিজেপি?

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments