HomeTop Newsমধুচন্দ্রিমা মানেই পাহাড়-সমুদ্র নয়! ইতিহাস ও স্থাপত্যের টানে ঘুরে আসুন এই ৩...

মধুচন্দ্রিমা মানেই পাহাড়-সমুদ্র নয়! ইতিহাস ও স্থাপত্যের টানে ঘুরে আসুন এই ৩ অসাধারণ জায়গায়

হানিমুনে একটু অন্যরকম অভিজ্ঞতা চান? ইতিহাস-স্থাপত্যে মোড়া এই ৩ গন্তব্য হতে পারে সেরা ঠিকানা

ওয়েব ডেস্ক : মধুচন্দ্রিমা মানেই বরফে ঢাকা পাহাড়, সমুদ্রের নীল জল কিংবা নির্জন সৈকত—এমন ধারণা এখন বদলাচ্ছে। অনেক নবদম্পতিই এখন এমন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করছেন, যেখানে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন স্থাপত্য এবং শিল্পকলার ছোঁয়া। দু’জনে হাতে হাত রেখে পুরনো শহরের অলিগলি ঘোরা, ঐতিহাসিক স্থাপত্যের সামনে ছবি তোলা কিংবা রাজকীয় প্রাসাদে সময় কাটানো—হানিমুনের অভিজ্ঞতাকে করে তুলতে পারে আরও বিশেষ।

কর্ণাটকের হাম্পি ইতিহাসপ্রেমী দম্পতিদের জন্য অসাধারণ একটি গন্তব্য। একসময় বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল এই শহর। বর্তমানে এখানে ছড়িয়ে রয়েছে প্রাচীন মন্দির, রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, পাথরের তৈরি স্তম্ভ এবং ঐতিহাসিক স্থাপত্য। ঘুরে দেখতে পারেন বিখ্যাত বিরূপাক্ষ মন্দির। দেখে নিতে পারেন ভিত্থল মন্দিরের বিখ্যাত পাথরের রথ। বিশাল পাথুরে পাহাড়ের মাঝে সূর্যাস্ত উপভোগ করতে পারেন দু’জনে।

রাজকীয় পরিবেশে মধুচন্দ্রিমা কাটাতে চাইলে রাজস্থানের জয়পুর হতে পারে আদর্শ ঠিকানা। পিঙ্ক সিটি নামে পরিচিত এই শহর তার ঐতিহাসিক দুর্গ, প্রাসাদ, রঙিন বাজার এবং রাজপুত স্থাপত্যের জন্য বিখ্যাত। জয়পুরে গেলে ঘুরে দেখতে পারেন হাওয়া মহল, আমের ফোর্ট, সিটি প্যালেস এবং নাহারগড় দুর্গ। বিশেষ করে আমের ফোর্টের শিস মহলের আয়না ও কাচের কারুকাজ নজর কাড়বে। সন্ধ্যায় নাহারগড় দুর্গ থেকে গোটা শহরের দৃশ্য উপভোগ করা কিংবা কোনও ঐতিহ্যবাহী হোটেলে রাজকীয় পরিবেশে ডিনার—হানিমুনের স্মৃতি আরও রঙিন করে তুলতে পারে। অক্টোবর থেকে মার্চ জয়পুর ঘোরার জন্য সবচেয়ে ভালো সময়গুলির মধ্যে অন্যতম।

ইতিহাস এবং সমুদ্র—দুয়ের স্বাদ একসঙ্গে পেতে চাইলে তামিলনাড়ুর মহাবলীপুরম বেছে নিতে পারেন। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই ঐতিহাসিক শহর পল্লব আমলের পাথর কেটে তৈরি মন্দির ও ভাস্কর্যের জন্য বিখ্যাত। এখানকার শোর টেম্পল, পঞ্চ রথ এবং অর্জুনের তপস্যা নামের বিশাল পাথরের ভাস্কর্য বিশেষ আকর্ষণ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও রয়েছে মহাবলীপুরমের স্মৃতিস্তম্ভগুলি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments