HomeBig Breakingস্মৃতিকথার পাতায় ইতিহাস, বিক্রির নিরিখেও নজির সোনিয়ার

স্মৃতিকথার পাতায় ইতিহাস, বিক্রির নিরিখেও নজির সোনিয়ার

ওয়েব ডেস্ক: রাজনীতির ইতিহাসে যাঁর জীবন জড়িয়ে রয়েছে ক্ষমতা, সংঘাত, ব্যক্তিগত শোক এবং অসংখ্য ঐতিহাসিক ঘটনার সঙ্গে, তাঁর স্মৃতিকথা ঘিরে পাঠকদের আগ্রহ যে বিপুল হবে, তা প্রত্যাশিতই ছিল। কিন্তু সেই আগ্রহ যে বিক্রির নিরিখে একের পর এক নজির তৈরি করবে, তা সম্ভবত স্বয়ং সোনিয়া গান্ধীও ভাবেননি। তাঁর লেখা স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ে বিক্রি হয়েছে দুই লক্ষেরও বেশি কপি।

প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স ইন্ডিয়ার সিইও অনন্ত পদ্মনাভন এই সাফল্যের কথা জানিয়েছেন। তাঁর দাবি, বইটি ইতিমধ্যেই দ্রুততম সময়ে বিক্রি হওয়া বই, প্রথম বই, নন-ফিকশন এবং স্মৃতিকথার ক্ষেত্রে একাধিক রেকর্ড তৈরি করেছে। শুধু তাই নয়, প্রকাশের দিন প্রথম দশ মিনিটেরও কম সময়ে পাঠকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল ১৫ হাজারের বেশি কপি। ভারতীয় প্রকাশনার ইতিহাসে এটিও একটি উল্লেখযোগ্য নজির।

সোমবার নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ‘Belonging: A Journey of Love’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস ও বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতা, সাহিত্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাঁদের মধ্যে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সোনিয়া গান্ধীর কাছে এই বিপুল সাফল্যও ছিল অপ্রত্যাশিত। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে পাঠকদের আগ্রহ তৈরি হবে বলে ভেবেছিলেন। কিন্তু বই কেনা, পাঠকদের প্রতিক্রিয়া এবং গঠনমূলক সমালোচনায় যে ভালোবাসা পেয়েছেন, তা তাঁকে অভিভূত করেছে।

আসলে ‘Belonging…’ নিছক কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মকথন নয়। ব্যক্তিগত অনুভূতি, সম্পর্ক, স্মৃতি এবং সময়ের সঙ্গে নিজের অবস্থান খুঁজে নেওয়ার এক যাত্রা। রাজনীতির পরিচিত পরিসরের বাইরে একজন মানুষের জীবনকে জানার কৌতূহলও যে পাঠকদের এই বিপুল সংখ্যায় বইটির দিকে টেনেছে, তা বলাই যায়। দুই লক্ষের বেশি বিক্রির পরিসংখ্যান অন্তত একটি বিষয় স্পষ্ট করেছে—রাজনীতির মঞ্চে বিতর্কের কেন্দ্রে থাকা সোনিয়া গান্ধী, বইয়ের পাতাতেও পাঠকের কৌতূহল জাগাতে সক্ষম।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments