ওয়েব ডেস্ক: বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালন করতে রবিবার ঝাড়গ্রামের বেলপাহাড়ির সাহাড়িতে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে আদিবাসীদের সঙ্গে থাকার পাশাপাশি একাধিক ঘোষণাও করলেন তিনি। এদিন তাঁর নিশানাতে উঠে এসেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল সরকারের আমলে প্রতারিত হয়েছেন আদিবাসীরা। ভুয়ো এসটি সার্টিফিকেট বানানোর অভিযোগও তুলেছেন তিনি।
এদিন ঝাড়গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানেই এদিন তিনি বলেন, পাট্টার অধিকার নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রাজ্যের ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানা তুলে দেওয়া হল। বর্তমান সরকার সমস্ত আদিবাসীদের জমির অধিকার দেবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে তিনি ফরেস্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, ট্রাইবাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছেন। একাধিক সুযোগ সুবিধা দেওয়া হবে। ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জনজাতি গৌরব দিবস পালন হচ্ছে। ১৮ তারিখ এই অনুষ্ঠানের সমাপনের পরে ২১ তারিখ পুরুলিয়ায় আদিবাসী নেতাদের সঙ্গে কথা বলবেন।




