কণাদ দাশগুপ্ত
দীর্ঘ প্রতীক্ষার অবসান। মঙ্গলবার, ১০ নভেম্বর প্রকাশিত হবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক স্মৃতিকথা ‘বিলঙ্গিং: এ জার্নি অফ লাভ’। ৫৪৪ পৃষ্ঠার এই বইয়ে ব্যক্তিগত জীবন, প্রেম, পারিবারিক শোক থেকে শুরু করে ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে তাঁর দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন সোনিয়া। ভারতের বাজারে বইটি প্রকাশ করছে হার্পারকলিন্স ইন্ডিয়া। আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করছে আলফ্রেড এ নফ।
যুদ্ধবিধ্বস্ত ইতালির ভেনেটো অঞ্চলে শৈশব থেকে এই কাহিনির শুরু। ১৯৬৫ সালে কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে প্রথম পরিচয়, প্রেম এবং পরবর্তী সময়ে গান্ধী পরিবারের বধূ হয়ে ভারতে আসার অভিজ্ঞতা উঠে এসেছে বইয়ে। ইন্দিরা গান্ধীর সান্নিধ্য, ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং হিন্দি শেখার কথাও লিখেছেন তিনি।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি সঞ্জয় গান্ধীর বিমান দুর্ঘটনায় মৃত্যু, ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড এবং ১৯৯১ সালে রাজীব গান্ধীর হত্যার অভিঘাতও বইয়ের গুরুত্বপূর্ণ অংশ। কী ভাবে ব্যক্তিগত শোক তাঁকে ধীরে ধীরে জনজীবন ও রাজনীতির দিকে ঠেলে দিয়েছিল, তার বিবরণ দিয়েছেন তিনি।
কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ, দীর্ঘ রাজনৈতিক লড়াই এবং ২০০৪ সালে লোকসভা নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্তও রয়েছে স্মৃতিকথায়। সোনিয়ার দাবি, এটি রাজনৈতিক বই নয়, বরং তাঁর পরিবার ও জীবনের একান্ত ব্যক্তিগত আখ্যান। বইটির প্রকাশনা নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। প্রথমে পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার প্রকাশ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই চুক্তি কার্যকর হয়নি। পরে হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশনার দায়িত্ব নেয়। সম্পাদনা সংক্রান্ত মতপার্থক্যের খবর প্রকাশ্যে এলেও পেঙ্গুইন কর্তৃপক্ষ জানিয়েছিল, সেই বিবরণ পরিস্থিতির সম্পূর্ণ প্রতিফলন নয় এবং কোনও বহিরাগত চাপ ছিল না।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সাক্ষী সোনিয়া। তাঁর নিজের ভাষ্যে সেই যাত্রার ব্যক্তিগত দলিল হিসেবেই বইটি ঘিরে পাঠকমহলে আগ্রহ তৈরি হয়েছে।




