ওয়েব ডেস্ক: মুম্বইয়ের মেরিন ড্রাইভের আদলে এবার গঙ্গার দুই পাড় সাজিয়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। হাওড়া ও কলকাতার গঙ্গা তীরবর্তী এলাকায় তৈরি হতে পারে চার লেনের হাইওয়ে। পাশাপাশি ঘাটগুলিকে আধুনিক করে গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। থাকবে মেট্রো, সাইকেল ট্র্যাক এবং হাঁটার আলাদা রাস্তা। পুর ও নগরোন্নয়ন দপ্তর ইতিমধ্যেই হাওড়ার গঙ্গার পাড়ের উন্নয়নে একটি সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করেছে।
সম্প্রতি গঙ্গাবক্ষে লঞ্চে করে ঘাট ও তীরবর্তী এলাকা পরিদর্শন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সঙ্গে ছিলেন প্রাষ্টমন্ত্রী উমেশ রাই, হাওড়া ও কলকাতার দুই পুর কমিশনার এবং দপ্তরের আধিকারিকেরা। পরিদর্শনে একাধিক ঘাটের বেহাল দশা নজরে আসে। এরপরই সেগুলির সংস্কার ও সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, ঘাটগুলিতে তৈরি হবে আধুনিক চেঞ্জিং রুম, বায়ো টয়লেট এবং ওয়াচ টাওয়ার। পর্যাপ্ত আলো, মাইকিং ব্যবস্থা ও জরুরি যোগাযোগের নম্বরও থাকবে। নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে পুলিশ। কোনও বিপদে পড়লে ফোনের মাধ্যমে দ্রুত পুলিশ বা পুরকর্মীদের সাহায্য পাওয়া যাবে।
আরও পড়ুন-
হাওড়া পুরসভা এলাকায় রামকৃষ্ণপুর, শিবপুর ও বি গার্ডেন-সহ আটটি গঙ্গার ঘাট রয়েছে। অগ্নিমিত্রা জানিয়েছেন, ঘাটগুলির ঐতিহাসিক চরিত্র অক্ষুণ্ণ রেখেই দীর্ঘ গঙ্গা তীরবর্তী অঞ্চলকে সাজানো হবে। তাঁর কথায়, মুম্বইয়ের মতো মেরিন ড্রাইভ গড়ার পরিকল্পনা রয়েছে হাওড়া ও কলকাতা, দুই শহরেই। এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নে একাধিক দপ্তর একসঙ্গে কাজ করবে।




