ওয়েব ডেস্ক: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতাচ্যুত হবে। এমনই ভবিষ্যদ্বাণী করলেন ককরোচ জনতা পার্টি বা CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। কেরলের কোচিতে দলের ‘যন্তর মন্তর অ্যাট কোচি’ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন তিনি। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও সরব হন দিপকে।
বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার বিরোধিতা এবং দেশের নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত জনতার উদ্দেশে দিপকে বলেন, ২০২৯ সালের জন্য প্রস্তুত থাকুন। নরেন্দ্র মোদিকে ক্ষমতা ছাড়তেই হবে। তাঁর বক্তব্য, নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হওয়া উচিত। তবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ জরুরি।
দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে নিজের এবং দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারির প্রসঙ্গও তোলেন তিনি। দিপকের হুঁশিয়ারি, গ্রেপ্তারি কিংবা জেল তাঁকে প্রতিবাদ থেকে সরাতে পারবে না। দেশের প্রতিটি প্রান্তে তেরঙ্গা নিয়ে প্রতিবাদ চালিয়ে যাবেন।
২০২৭-এ বিজেপির মহাবিজয়ের দাবি, ৮০ % আসনে জয়ের স্বপ্ন যোগী’র
SIR-এর মাধ্যমে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন CJP প্রতিষ্ঠাতা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নাগরিকের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তোলেন তিনি। তবে ২০২৯ সালের নির্বাচনে বিজেপির পরাজয় নিয়ে দিপকের এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক ভবিষ্যদ্বাণী, কোনও নির্বাচনী সমীক্ষা বা পূর্বাভাস নয়।




