ওয়েব ডেস্ক : দীপাবলির উৎসবের আবহে দারিদ্র দূরীকরণে কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, গত ১২ বছরে ভারতে ৫০ কোটি মানুষ চরম দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন।
বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টের উল্লেখ করে রবিবার ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্যাপনের অনুষ্ঠানে এই দাবি করেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, স্বাধীনতার পর থেকে দারিদ্র দূরীকরণের কথা বহুবার বলা হয়েছে। কিন্তু শুধু স্লোগান দিয়ে দারিদ্র দূর করা যায় না। তাঁর কথায়, আগের দিনে দারিদ্র দূরীকরণ সীমাবদ্ধ ছিল রাজনৈতিক প্রতিশ্রুতিতে। গত ১২ বছরে কেন্দ্রীয় সরকার বাস্তবে সেই লড়াইকে এগিয়ে নিয়ে গিয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় তার প্রতিফলন ঘটেছে।
এই সাফল্যের পিছনে জনধন অ্যাকাউন্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুদ্রা ঋণ, আয়ুষ্মান ভারত, স্বচ্ছ ভারত এবং বিনামূল্যে রেশন প্রকল্পের মতো একাধিক জনকল্যাণমূলক উদ্যোগের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ায় দুর্নীতি ও অর্থের অপচয় অনেকটাই কমেছে। দরিদ্র পরিবারগুলির মধ্যে তৈরি হয়েছে নতুন আত্মবিশ্বাস।
একই সঙ্গে মাওবাদী দমন অভিযান এবং উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন মোদি। তাঁর দাবি, এবারের দীপাবলিতে দেশের প্রতিটি জেলা মাওবাদী মুক্ত। একসময় মাওবাদী প্রভাবিত এলাকায় রাস্তা, স্কুল, হাসপাতাল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে সাধারণ মানুষের জীবন বদলানো সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র দূরীকরণ, মাদকমুক্ত ভারত এবং আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যেই এবার আরও এগিয়ে যেতে হবে।




