ওয়েব ডেস্ক : সোমবার কলকাতা বিমানবন্দর থেকে পাকড়াও ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। জানা গিয়েছে, তিনি মুম্বাই পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু কেন? ধর্ষণ সহ একাধিক অভিযোগে পুলিশ তাঁকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেন। গ্রেফতারি এড়াতেই নাকি পরেশরাম দাস মুম্বাই পালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মমতার দলের ওই বিধায়ক কলকাতা বিমানবন্দরে যাচ্ছেন এই খবর পেয়েই বারুইপুর পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ তাঁর পিছু নেয়। তারপরেই গ্রেফতার। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত এই বিধায়ক ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০ বি এবং ৫০৬ ধারায় মামলার রজু হয় তাঁর বিরুদ্ধে।
সোমবার বিমানবন্দর থেকে বিধায়ককে আটক করার পর বারুইপুর জেলা পুলিশের দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। ক্যানিং পশ্চিমের এই বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে রয়েছে নানান অভিযোগ। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের সময় অশান্তির অভিযোগে যুক্ত রয়েছে তিনি। এছাড়াও খুনের চেষ্টা, অস্ত্র মজুত রাখার অভিযোগ রয়েছে বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। গ্রেফতারির পর বিমানবন্দর এলাকায় বিধায়ক বলেন, ‘আমাকে সই করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানিনা আমার বিরুদ্ধে কী অভিযোগ। কেন গ্রেফতার করা হয়েছে’।




