কলকাতা: রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে আরও এক বড় পদক্ষেপের ইঙ্গিত। বুধবার সন্ধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন জেএসডব্লিউ গোষ্ঠীর চেয়ারম্যান শিল্পপতি সজ্জন জিন্দাল। বিদ্যুৎ, ইস্পাত, সিমেন্ট, বন্দর এবং বিদ্যুৎ পরিকাঠামো-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দু’পক্ষের আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দুর সঙ্গে জিন্দালের এটাই প্রথম বৈঠক।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, জিন্দাল গোষ্ঠীর তরফে বাংলায় প্রায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪০ হাজার কোটি টাকা বিদ্যুৎ ক্ষেত্রে এবং বাকি ১০ হাজার কোটি টাকা অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুরের শালবনিতে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভূমিপুজো ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে করার প্রতিশ্রুতি দিয়েছেন জিন্দাল। ডিসেম্বর মাসে জনশুনানি শেষ হওয়ার পর এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:
ওয়ার্ড পুনর্বিন্যাসের আইনি জটিলতায় আটকে গেল কলকাতার পুরভোটের নির্ঘণ্ট
এ ছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব দিয়েছেন জিন্দাল। শিশু চিকিৎসা-সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে তাঁর সংস্থা। প্রস্তাবটি খতিয়ে দেখতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি রাজ্যের প্রাচীন মন্দিরগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন শিল্পপতি। আইটিআইয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থানের বিষয়েও জিন্দালকে উদ্যোগী হতে বলেছেন শুভেন্দু।
শিল্পনীতি ঘোষণার ঠিক আগে এই বৈঠককে রাজ্যে নতুন বিনিয়োগের সম্ভাবনার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিল্পমহল।




