ওয়েব ডেস্কঃ মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত! দুই শিবিরে বিভক্ত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র সংযুক্তি এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে শরদ পাওয়ারের যোগদান নিয়ে জল্পনার মধ্যেই বর্ষীয়ান নেতাকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপাতদৃষ্টিতে সৌজন্য ও শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার ফোন হলেও, কথোপকথনে শরদ-কন্যা সুপ্রিয়া সুলের প্রসঙ্গ উঠে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা।
শরদ পাওয়ারের ঘনিষ্ঠ সহযোগী বিঠল মানিয়ার জানিয়েছেন, ফোনে মোদি প্রবীণ নেতাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বলেন, সুপ্রিয়া এখন প্রস্তুত। তিনি এবং অন্যরা মিলে দেশের দায়িত্ব সামলে নেবেন। জবাবে শরদ জানান, দেশের দায়িত্ব যাঁদের হাতে রয়েছে, তাঁদের উপর তাঁর আস্থা আছে। তবে এই কথোপকথনের সত্যতা মোদি বা শরদ পাওয়ার কেউই আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেননি।
এই ফোনালাপের রাজনৈতিক তাৎপর্য আরও বেড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এনসিপির একাংশের সাম্প্রতিক বৈঠকের পর। সেখানে দুই এনসিপি শিবিরের সংযুক্তি এবং বৃহত্তর এনডিএ-সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। বৈঠকে সুনেত্রা পাওয়ার ও পার্থ পাওয়ারের অনুপস্থিতিও নজর কেড়েছে।
অন্য দিকে, সুপ্রিয়া সুলের মোদি মন্ত্রিসভায় যোগদানের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে এনসিপি সংযুক্তি বা এনডিএ-তে যোগদানের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা হয়নি। ফলে মোদির একটি ফোন ঘিরেই মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণের অপেক্ষা শুরু হয়েছে।




