ওয়েব ডেস্ক: রাজনৈতিক টানাপোড়েনের আবহেও উৎসবের আলোয় উজ্জ্বল দিল্লি।দুর্গাপুজো- নবরাত্রিতে মেতে রাজধানী। রাজপথে রাজনৈতিক উত্তাপ, রাস্তায় ব্যারিকেড, কোথাও বিক্ষোভের আবহ—তবু উৎসবের আলো নিভল না দিল্লিতে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও দুর্গাপুজো ও নবরাত্রির আনন্দে মেতে উঠেছে রাজধানী। এক দিকে ভোট নিয়ে আন্দোলন, অন্য দিকে ঢাকের বাদ্যি, মণ্ডপের আলো আর ভক্তদের ভিড়—দুই বিপরীত ছবিই ধরা পড়ছে দিল্লির বুকে।
পাহাড়গঞ্জের রামকৃষ্ণ মিশনে এ বারও দুর্গাপুজোর আয়োজন ঘিরে ভক্তদের উৎসাহ চোখে পড়ার মতো। বেলুড় মঠের প্রতিমার আদলে তৈরি একচালার প্রতিমা, মন্ত্রোচ্চারণ আর ভোগপ্রসাদের আয়োজন যেন রাজধানীর ব্যস্ততার মধ্যে বাংলার চেনা উৎসবের আবহ ফিরিয়ে এনেছে। কয়েক বছর আগে পটপুজো দিয়ে শুরু হওয়া এই আয়োজন এখন প্রতিমাপুজোর রূপ পেয়েছে। আগামী বছর মিশনের শতবর্ষ পালন ঘিরেও প্রস্তুতি চলছে। অন্য দিকে, উত্তর ভারতীয়দের নবরাত্রিও জমজমাট। আলোয় সেজেছে ঝাণ্ডেওয়ালা মন্দির। প্রতিদিন দেবীর বিভিন্ন রূপের আরাধনায় ভিড় জমাচ্ছেন ভক্তেরা। রামলীলা ময়দান ও লালকেল্লার সামনের মেলাতেও মানুষের আনাগোনা। নাগরদোলা, আলোকসজ্জা এবং রামায়ণের কাহিনি অবলম্বনে অভিনয় উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
রাজনৈতিক অস্থিরতা, যান চলাচলে বিধিনিষেধ কিংবা জনজীবনের সাময়িক অসুবিধা—কোনও কিছুই উৎসবের টানকে পুরোপুরি আটকে রাখতে পারেনি। ধর্মীয় আচার, দল সাংস্কৃতিক আয়োজন এবং মানুষের মিলনেই যেন অন্য এক দিল্লির দেখা মিলছে। রাজনীতির উত্তাপের পাশাপাশি এই উৎসবের ছবি মনে করিয়ে দেয়, মতভেদ ও অস্থিরতার মধ্যেও মানুষের আনন্দ, বিশ্বাস এবং একসঙ্গে থাকার আকাঙ্ক্ষা বেঁচে থাকে।




